আর্জেন্টাইন বিস্ময়বালক হিসেবে খ্যাতি পেয়েছেন ফ্রাঙ্কো মাস্তানতুওনো। ১৭ বছর বয়সেই রিভারপ্লেটের মতো বিখ্যাত ক্লাবের মূল একাদশের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে ফেলেছেন। সম্প্রতি বিশ্বকাপ বাছাই পর্বে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের জন্য জাতীয় দলেও ডাক পেয়েছেন অ্যাটাকিং মিডফিল্ডার। তিনি যোগ দিচ্ছেন ইউরোপের অন্যতম সফল ক্লাব রিয়াল মাদ্রিদে।
দলবদল বিষয়ক ইতালির বিশ্বাসযোগ্য সাংবাদিক ফ্র্যাব্রিজিও রোমানো তথ্য নিশ্চিত করেছেন। রোমানোর মতে, রিয়ালকে হ্যাঁ বলে দিয়েছেন ফ্রাঙ্কো। রিয়াল মাদ্রিদ এখন তাকে দলে আনার আনুষ্ঠানিকতার দিকে নজর দিচ্ছে বলে তিনি জানিয়েছেন। পুরো বিষয়টিতে নজর আছে ফ্রাঙ্কোকে দলে টানতে চাওয়া আরেক ইউরোপীয় জায়ান্ট পিএসজিও।
রিয়ালের যোগাযোগ চলাকালেই ফ্রাঙ্কোকে দলে পেতে বার্তা দিয়েছিলেন পিএসজির কোচ লুইস এনরিক। তবে ফ্রাঙ্কো বেছে নিয়েছেন লা লিগার ক্লাব রিয়ালকে। ফ্রাঙ্কোর রিলিজ ক্লজ ৪৫ মিলিয়ন ইউরো হলেও সেটি কমানোর জন্য চেষ্টা করবে রিয়াল, এমন বলছে ইউরোপীয় গণমাধ্যম।
রিভার প্লেটের হয়ে অনূর্ধ্ব-২০ পর্যায়ে খেলার পর গত বছরের শুরুতে ক্লাবটির মূল দলে খেলতে শুরু করেন ফ্রাঙ্কো। এপর্যন্ত ক্লাবটির হয়ে ১০ ম্যাচ খেলে ৩ গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৩টি।








