টাঙ্গাইলের মধুপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গিয়ে ১৬ জন আহত হয়েছে। এতে বাসের চালক, হেলপার নারীসহ অন্তত ৭ জন গুরুত্বর আহত হয়েছে। হেলপার ও নারী যাত্রীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের টেলকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
মধুপুর থানার এসআই হেলাল উদ্দিন জানান, অন্তত ৫০ জন যাত্রী নিয়ে প্রান্তিক পরিবহনের একটি বাস দ্রুত গতিতে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। টেলকি এলাকায় পৌঁছালে মধুপুরগামী একটি ট্রাককে সাইড দিতে গিয়ে বাসটি সড়কে উল্টে যায়। এতে অন্তত ১৬ জন আহত হয়েছে।
তিনি আরও জানান, বেশিভাগ আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।








