টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩টি মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাকের ১৫ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ (১১ নভেম্বর) সোমবার বিকেলে সংশ্লিষ্ট আদালতের বিচারক এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এসময় আব্দুর রাজ্জাককে আদালতে আনা হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী এবং ছাত্রদলের নেতাকর্মীরা শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে।
ঢাকায় বিভিন্ন মামলায় রিমান্ড শেষে আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলে আনা হয়। পরে আজ সোমবার বিকেলে টাঙ্গাইল সদর থানায় শিক্ষার্থী মারুফ হত্যা মামলায়, মির্জাপুর থানায় আরেক শিক্ষার্থী ইমন হত্যা মামলায় এবং মধুপুর থানায় হামলা ও ভাংচুরের মামলায় আব্দুর রাজ্জাককে আদালতে তোলা হয়।
এসময় পুলিশ ৭ দিন করে রিমান্ডের আবেদন করে এবং একই সাথে আব্দুর রাজ্জাকের পক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। পরে সংশ্লিষ্ট আদালতের বিচারক জামিন না মঞ্জুর করে প্রতিটি মামলায় ৫ দিন করে ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট সফিকুল ইসলাম রিপন বলেন, আদালতের বিচারক জামিন আবেদন না মঞ্জুর করে ৩ মামলায় ৫ দিন করে ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।








