নোয়াখালীতে বন্যার পানি নামতে শুরু করায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন দুর্গত এলাকার লোকজন। তবে বাড়ি ফিরে বসতঘরের অবস্থা দেখে ভেঙ্গে পড়ছেন অনেকে। এই বন্যায় এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস।
বুধবার (৪ সেপ্টেম্বর) জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের তথ্যানুযায়ী, নোয়াখালীতে ১৬ লাখ ৪ হাজার ৩০০ মানুষ এখনও পানিবন্দি রয়েছেন।
জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের তথ্য বলছে, ৯০১টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে এক লাখ ৬৮ হাজার ৭৮৮ জন। জেলায় ২২০টি ঘর এবং ৫ হাজার ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি ১২৪টি এবং বেসরকারি ১৬টি মেডিকেল টিম কাজ করছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা ১১ জন।
সরকারিভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ ৪৫ লাখ টাকা, এক হাজার ৭১৮ টন চাল, এক হাজার প্যাকেট শুকনো খাবার, ৫ লাখ টাকার শিশু খাদ্য ও ৫ লাখ টাকার গোখাদ্য বিতরণ করা হয়েছে বলেও জানানো হয়।







