লেগুনায় যাত্রী উঠানো ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লা শাসনগাছা এলাকায় দু-গ্রুপের সংঘর্ষে জামিল হাসান অর্ণব (২৭ ) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন গুলিবিদ্ধ হয়েছে।
আজ শুক্রবার (১৫ মার্চ) বেলা আড়াইটায় শাসনগাছা মধ্যমপাড়ার দফাদার ও মোল্লা বাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত অর্নব শাসনগাছা মধ্যমপাড়া আজহার মিয়া ছেলে।
অর্ণব শাসনগাছা বাস টার্মিনালের সততা বাস সার্ভিসের ম্যানেজার ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখার শিক্ষার্থী।
কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, লেগুনায় যাত্রী উঠানো নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত। এই ঘটনাকে কেন্দ্র করে পরে দু-গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ঘটনায় গোলাগুলি ইট পাটকেলে অন্তত পাঁচজন আহত হয়। গুলিবিদ্ধ হয়ে নিহত হয় একজন। অভিযুক্তদের ধরতে র্যাব ও পুলিশের একাধিক টিম কাজ করছে।
জানা গেছে, সংঘর্ষের ঘটনায় শাসনগাছা এলাকার নাজমুল জামান অনিক (২৮) তার ডানপায়ে গুলি লেগেছে। এছাড়াও আহত চেয়ামত উল্লাহ (৩৫) তার কোমরে গুলি লাগে। নুরুল আফসার মোহন (২২) এর পিঠে এবং নাজমুল হাসান (২৬) হাতের নীচে গুলি লেগেছে। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পর শাসনগাছা এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।








