হাইতিকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ ‘বি’ থেকে কোয়ার্টার পৌঁছে গেলো ইকুয়েডর। ১৯৯৭ সালে বলিভিয়া আসরের পর এবারই প্রথম কোপা আমেরিকায় নক আউট পর্বে পৌঁছালো দলটি।
ব্রাজিলের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়া হাইতিকে শুরু থেকে চেপে ধরে খেলতে থাকে ইকুয়েডর। ম্যাচের ১১ মিনিটেই দলকে লিড এনে দেন দলটির ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের স্ট্রাইকার ইনার ভ্যালেন্সিয়া। ডি বক্সের সামনে থেকে ডান পায়ের জোরালো শট হাইতির জালে জায়গা করে নিলে ১-০ গোলের লিড পায় ইকুয়েডর।
৯ মিনিট পর আবারও গোল। এবারের গোলটি জেইমির পা থেকে। ইনার ভ্যালেন্সিয়ার বাড়ানো বল হাইতির জালের জড়ান তিনি। এরপর দু’দল আক্রমণ করে গেলেও প্রথমার্ধের শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি কোন দলই।
বিরতি থেকে ফিরে ১২ মিনিটের মাথায় দলকে ৩-০ গোলের লিড এনে দেন খৃস্টান নবোয়া। জেফারসনের বাড়ানো বল থেকে ডান পায়ের শটে জনি প্লাসিডাকে পরাস্ত করেন তিনি।
৭৮ মিনিটে হাইতির কফিনে শেষ পেরেকটি ঠোকেন অ্যান্টোনিও ভ্যালেন্সিয়া। এনা ভ্যালেন্সিয়ার বাড়ানো বল বার পোস্টের খুব কাছ থেকে পেয়ে যান অ্যন্টোনিও। তা থেকে প্লাসিডাকে খুব সহজেই বোকা বানান দলটির এ উইঙ্গার। ৪-০ গোলে এগিয়ে যায় ইকুয়েডর।
এ হারে জয় শূন্য থেকে টুর্নামেন্ট থেকে বিদায় নিলো হাইতি। অন্যদিকে, ৫ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলো ইকুয়েডরের। গ্রুপের অন্য দুই পেরু এবং ব্রাজিলের পয়েন্ট সমান ৪।







