প্রথমবারের মতো কৃষক দিবস পালন করেছে ময়মনসিংহের হালুয়াঘাটের কৃষ্টপুর গ্রামের প্রবীণ কৃষক কল্যাণ ফাউন্ডেশন। ওই অনুষ্ঠানে ৮ জানুয়ারিকে ‘জাতীয় কৃষক দিবস’ ঘোষণার দাবি জানান তারা।
কৃষক দিবস উদযাপন অনুষ্ঠানে ১০ শিক্ষককে আজীবন সম্মাননা ও ৪ কৃষককে সংবর্ধনা দেয়া হয়। ওই অনুষ্ঠানে জাতীয়ভাবে কৃষক দিবস পালন করার দাবি জানায় কৃষকরা। তাদের দাবির সাথে একমত পোষণ করেন কৃষিবিদরাও।
জয়নাল আবেদীন হীরকের সভাপতিত্বে আজীবন সম্মাননা ও চাষী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হালুয়াঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, আনোয়ারুল হক।
কৃষক শরাফ উদ্দিন বলেন, ৮-ই জানুয়ারি এটা যেন সারাদেশে উৎযাপিত হয়। এটা অবশ্যই জাতীয়ভাবে পালন করতে হবে।
হালুয়াঘাট কৃষি অফিসার মোখলেছুর রহমান বলেন, বছরের যেকোনো একটি দিন কৃষি দিবস হিসেবে পালন করতে পারলে ভালো হয়।
কৃষক দিবস পালন জরুরী বলে মনে করেন নির্বাচিত জনপ্রতিনিধিরাও।
কৃষক দিবস বাস্তাবায়নে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন প্রবীণ কৃষক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোক্তরা। ৮ জানুয়ারিকে সারা দেশে কৃষক দিবস ঘোষণার প্রত্যাশা কৃষকদের ।






