ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০০৯ সালে চতুর্থ ইনিংসে ২১৫ তাড়া করে সেই জয়ই ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখাচ্ছে টাইগারদের। সেই রেকর্ড ভেঙ্গে বাংলাদেশ জয়ের নতুন রেকর্ড গড়বে বলে মনে করেন দলের হেড কোচ।
তাই চট্টগ্রামে প্রথম টেস্ট জয়ে বাংলাদেশকে প্রবল দাবীদার বলে মনে করেন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
শেষ দিন অন্তত: পনেরো ওভার টিকে থাকতে পারলেই লাল-সবুজ দলটি তাদের ক্রিকেট ইতিহাসের সেরা জয়টি পাবে এমনই বিশ্বাস তার।
১৪ মাস পর টেস্টের কঠিন পরীক্ষায় শিষ্যদের পারফরম্যান্সেও সন্তুষ্ট টাইগার কোচ বলেন, ‘আমি কারও ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে বলব না। আমি সত্যিই খুশি তারা ওদের ২০ উইকেট নিয়েছে। এটা একটা ইতিবাচক দিক ছিল।’
“ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে চার দিন শেষেও যে ম্যাচে আছি, এতে দারুণ খুশি।”
টেস্টের শেষ দিন যা পরিস্থতি তাতে তুলনামূলকভাবে এগিয়ে সফরকারি ইংল্যান্ড। তবে বাংলাদেশের সম্ভাবনাকে একটুও খাটো করে দেখতে রাজি নন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
তিনি বলেন, ‘চার দিন আগেও ভাবিনি ম্যাচে জয়ের মতো অবস্থায় থাকব। আমাদের অসাধারণ একটা গেম-প্ল্যান ছিল। প্রথম ইনিংসে আরও ভালো করতে পারলে খুশিই হতাম। প্রথম ইনিংসে আরো ভালো ব্যাট করলে এমন কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতো না।’
শুধু নিজের দল নয়, প্রতিপক্ষ ইংল্যান্ডের পারফরম্যান্সেও মুগ্ধ হাথুরুসিংহে। চট্টগ্রামের এই ম্যাচটিকে দারুণ উপভোগ্য টেস্ট হিসেবে স্বীকৃতি দিয়েছেন তিনি।








