বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর বিএনপির (দক্ষিণ) সভাপতি হাবীব-উন-নবী খান সোহেলকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গত জানুয়ারি মাসে হাইকোর্টের সামনে পুলিশের গাড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের অভিযোগে শাহবাগ থানায় করা মামলায় তাকে এই রিমান্ড দেয়া হলো।
বুধবার সোহেলকে আদালতে হাজির করে মামলায় সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন পুলিশের তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম এইচ তোয়াহা ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত মঙ্গলবার সন্ধ্যায় তাকে রাজধানীর গুলশান এলাকা থেকে আটক করে পুলিশ। পরে শাহবাগ থানার এই মামলায় গ্রেফতার দেখানো হয়। এ মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।
হাবীব-উন-নবী খান সোহেলের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে অর্ধশতাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনেও ছিলেন তিনি, এর আগে তাকে ধরতে তার শান্তিনগরের বাড়িতে একাধিকবার তল্লাশি চালিয়েও ব্যর্থ হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।







