টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচেও বিবর্ণ বাংলাদেশের ব্যাটিং। অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি টপঅর্ডার। শুরুতেই সাজঘরে ফিরে যান লিটন দাস (০), সৌম্য সরকার (৫) ও মুশফিকুর রহিম (১)।
দুবাইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ওভারে উইকেট হারায় বাংলাদেশ। উইকেট শিকারিরা হলেন মিশেল স্টার্ক, জস হ্যাজেলউড, গ্লেন ম্যাক্সওয়েল।
শুরুতে তিন উইকেট হারানোর ধকলে পাওয়ার প্লে কাজে লাগাতে পুরোপুরি ব্যর্থ বাংলাদেশ। ষষ্ঠ ওভারে সাজঘরে ফিরে গেছেন নাঈম শেখও। ১৭ রান করে হ্যাজেলউডের বলে শর্ট মিড উইকেটে ক্যাচ দেন এ বাঁহাতি ওপেনার।
রানের খাতা খোলার আগে ফিরে যান আফিফ হোসেনও। নিজের প্রথম বলেই উইকেট নেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা।
৭ ওভারে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ মোটে ৩৮ রান। অধিনায়ক মাহমুদউল্লাহ ৯ ও শামীম হোসেন ৪ রানে অপরাজিত আছেন।
এক ম্যাচ পর একাদশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।
পুরো বিশ্বকাপে বাংলাদেশকে ভুগিয়েছে ব্যটিং। শেষ ম্যাচেও ব্যর্থ টপঅর্ডার। সুপার টুয়েলভ থেকে অন্তত একটি জয় নিয়ে দেশের ফেরার স্বপ্ন ফিকে হয়ে আসছে বাজে ব্যাটিংয়ের আরেকটি মহড়ায়।







