অ্যান্থনিও কন্তেকে ভালোভাবে বিদায় না দেয়ায় ক্লাবের উপর চটেছেন সমর্থক এবং সাবেকরা।
চেলসিতে দুই বছর ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন কন্তে। দুটি বড় শিরোপা এনে দিয়ে গেছেন। সেই কোচকে সম্প্রতি পত্রপাঠ বিদায় করে দেয় চেলসি।
কোচকে বরখাস্ত করতে ৫২ শব্দের একটি বিবৃতি দেয় চেলসি। ইংরেজিতে লেখা সেই বিবৃতি ছিল এরকম, ‘চেলসি ফুটবল ক্লাব এবং অ্যান্থনিও কন্তে সম্পর্ক ছিন্ন করেছে। তার আমলে আমরা আমাদের ষষ্ঠ লিগ শিরোপা এবং অষ্টম এফএ কাপ জিতেছি। মৌসুমে ৩৮ ম্যাচের ৩০টি জেতার রেকর্ড গড়েছি। এছাড়া লিগে টানা ১৩ ম্যাচ জেতার রেকর্ডও হয়। অ্যান্থনিওর ক্যারিয়ারের জন্য আমাদের শুভকামনা থাকল। ’
বিবৃতি দেয়া ছাড়া কোচকে ডেকে বিদায় অনুষ্ঠান করেনি চেলসি। আর তাতেই সমর্থকদের ক্ষোভ। হ্যারি অ্যাসবল্ট নামের এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘চেলসির কোনো কাণ্ডজ্ঞান নেই। সে ক্লাবকে অনেক কিছু দিয়েছে। তাকে বিদায় দিতে শুধু এতটুকু?’
ড্যানি ও’নেইল লিখেছেন, ‘এই বিবৃতির কোনো মানে হয় না। কন্তের প্রতি চেলসির আরেকটু সম্মান দেখানো উচিত ছিল।’








