রোববার থেকে ঢাকায় শুরু হচ্ছে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন- সিপিএ এর ৬৩ তম সম্মেলন। প্রধানমন্ত্রী ও সিপিএ-এর ভাইস প্যাট্রন শেখ হাসিনা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করবেন।
সম্মেলনে সিপিএ-এর প্যাট্রন ব্রিটেনের রাণীর বার্তা পড়ে শোনানো হবে। সম্মেলন উপলক্ষে সংসদ ভবন ও তার আশপাশের এলাকাকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। কমনওয়েলথভুক্ত ৫২টি দেশের মধ্যে ৪৪টি দেশের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নিচ্ছেন।
এসব দেশের জাতীয় ও প্রাদেশিক সংসদের সমন্বয়ে গঠিত ১শ ৮০টি শাখার মধ্যে ১শ ১০টি শাখার স্পিকার ও ডেপুটি স্পিকারসহ ৫ শতাধিক পার্লামেন্ট সদস্য অংশ নেবেন।
সম্মেলনে সভাপতিত্ব করবেন সিসিএ-এর চেয়ারপারসন ও জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী।
বাংলাদেশ জাতীয় সংসদ ও সিপিএ সদর দপ্তর যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। ৬৩তম সিপিএ সম্মেলনের প্রথম পর্ব ১ নভেম্বর থেকে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে শুরু হয়েছে। সেখানে সিপিএ’র স্মল ব্রাঞ্চ ও ওমেন পার্লামেন্টারিয়ানদের স্টিয়ারিং কমিটিসহ বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।










