মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিলের সারসংক্ষেপ ৪ সপ্তাহের মধ্যে জমা দিতে রাষ্ট্র এবং আসামীপক্ষকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। ওই সময়ের মধ্যে জমা দিতে ব্যর্থ হলে আপিল শুনানির জন্য প্রস্তুত বলে গণ্য হবে।
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।
মীর কাসেমের আপিলের সারসংক্ষেপ জমা দেয়ার নির্ধারিত তারিখ ছিলো আজ বৃহস্পতিবার। আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে চার সপ্তাহ সময় বাড়িয়ে দেয়া হয়।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ২ নভেম্বর মীর কাসেমের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের আদেশের বিরুদ্ধে গত বছরের ৩১ ডিসেম্বর আপিলটি দায়ের করে মীর কাসেমের আইনজীবী।






