ক্রিকেট

৪৭ বছরের পুরনো একটা জুতার দাম সাড়ে তিন কোটি!

৪৭ বছরের পুরনো একটা জুতার দাম সাড়ে তিন কোটি!

এত দাম দিয়ে বিশ্বে কখনো কেউ জুতা কিনেছেন? সংখ্যায় লিখলে অঙ্কটা দাঁড়ায় এরকম- ৩৬,৩১৪,৯০০ টাকা। হ্যাঁ, ঠিকই গুনেছেন। ৩ কোটি ৬৩ লাখ ১৪ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়েছে একটি জুতা। বিক্রি করেছে বিখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকি। যে নিলাম অতীতের সব রেকর্ড ভেঙে ফেলেছে।

এর আগে সবচেয়ে বেশি, ১ কোটি ৩১ লাখ টাকায় জুতা বিক্রি হয়েছিল যাতে বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের অটোগ্রাফ ছিল।

১৯৭২ সালে তৈরি এ জুতাকে বলা হয় ‘মুন সু’। কানাডার টরেন্টোর বাসিন্দা মাইলস নাদাল কিনেছেন সেই জুতা। তার দুর্লভ জুতার সংগ্রহ রয়েছে। ব্যক্তিগত জাদুঘরে সেইসব জুতা রাখবেন বলেই সংগ্রহ করছেন।

শুধু ‘মুন সু’ নয়, ৯৯ জোড়া বিরল জুতা কিনেছেন তিনি। নিউইয়র্কের সবচেয়ে বড় অকশনে অংশ নিয়ে এইসব জুতার সংগ্রহ গড়েছেন মাইলস।

নাদাল জানিয়েছেন, নাইকির এই বিখ্যাত জুতা কিনতে পেরে তিনি খুব খুশি। এটা বিরলতম একটি স্নিকার। খেলাধুলা ও পপ কালচারের ইতিহাসের সঙ্গে নাকি জড়িয়ে আছে এই জুতা। সোথেবি নামে একটি সংস্থা অনলাইনে জুতাটির নিলামের ব্যবস্থা করেছিল।

জুতাটির একটি বিশেষ ইতিহাস আছে। নাইকির কো-ফাউন্ডার বিল বোয়ারম্যান বানিয়েছিলেন এটি। ১৯৭২-এ অলিম্পিকে যে প্রতিযোগীরা দৌড়েছিল, তাদের ট্রায়াল দেয়ার জন্যই এমন জুতা তৈরি করেছিলেন তিনি। মাত্র ১২ পিস বানানো হয়েছিল। তার মধ্যে এই একটি জুতাই অক্ষত রয়েছে। তাই মূল্যও অনেক।

বিষয়:জুতা নাইকি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…