প্রশ্ন ফাঁস চক্রের বিষয়ে তদন্ত করে আগামী ৬০ দিনের মধ্যে সিআইডিকে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা বাতিল চেয়ে করা রিটের শুনানি নিয়ে সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
আদালত তার রুলে প্রশ্নফাঁসের অভিযোগ ওঠা ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা বাতিলে পিএসসি’র নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়েছেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ নাভিলা কাশফি।
প্রশ্ন ফাঁসের অভিযোগে গত এপ্রিলে অনুষ্ঠিত ৪৬ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। সে নোটিশের পর যথাযথ কোন পদক্ষেপ না নেয়ায় পরীক্ষায় অংশ নেওয়া ২৪ জন শিক্ষার্থী হাইকোর্টে রিট করেন।








