মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রজ্বলন করা হলো ৪৫ মশাল। স্বাধীনতা ও গণহত্যার ৪৫তম বাষির্কীতে গণহত্যার প্রতিবাদে মোমবাতি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শহীদদের শ্রদ্ধা জানাতে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির আয়োজনে শুক্রবার (২৫ মার্চ) রাত ৯টার পরে ওই মশাল প্রজ্বলন ও মোমবাতি মিছিল করা হয়।
‘২৫ মার্চ গণহত্যা দিবস ঘোষণা’ স্লোগানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা ওই কর্মসূচিতে অংশ নেয়।
নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের সঞ্চালনায় মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে ঘণ্টাব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ অনেকে বক্তব্য রাখেন।
সভা শেষে ‘মুক্তিরও মন্দিরও সোপানও তলে’ গানের তালে তালে ৪৫টি মশাল প্রজ্বলন করে মশালের আলো থেকে মোমবাতি জ্বালানো হয়। পরে মিছিলটি শহীদ মিনার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের বৌদ্ধভূমিতে গিয়ে শেষ হয়।






