নোয়াখালীর সেনবাগে ৩ মাস ১০ দিন বয়সী এক শিশুকে পুকুরে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত শিশুটির নাম তুর্জয় সরকার। তার বাবা সেনবাগ থানার পুলিশ কনস্টেবল সুমন সরকার।
রোববার সন্ধ্যার পর সেনবাগ পৌরসভার বিন্নাগনি এলাকায় এ ঘটনা ঘটে। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি মো. মিজানুর রহমান চ্যানেল আই অনলাইনকে জানান, এলাকায় কনস্টেবল সুমন সরকারের ৩ মাস বয়সী ছেলেটি পুকুরের পানিতে পড়ে গেছে, এমন খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ রোববার রাতে ঘটনাস্থলে পৌঁছায়। পরে রাত ১১ টার দিকে শিশুটির মরদেহ পুকুর থেকে উদ্ধার করে পুলিশ।
লাশটি ময়নাতদন্তের জন্য সোমবার নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে ওসি জানিয়েছেন।
এ ঘটনায় নিহত শিশুটির বাবা কনস্টেবল সুমন সরকার অজ্ঞাত কয়েকজনের নাম উল্লেখ করে রোববার রাতেই একটি হত্যা মামলা করেন।








