বিলম্ব বিচারে সাত বছরের বেশি সময় ধরে দেশের বিভিন্ন কারাগারে থাকা ১৩৯ জন কারাবন্দীর বিচার আগামী ৩১ আগস্টের মধ্যে শেষ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মো. সহিদুল করিমের সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
সেই সঙ্গে আদালত সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তাদের সাক্ষি হাজির করাও নির্দেশ দেন। না হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়।
এছাড়াও আদালত সংশ্লিষ্ট ডিসি ও এসপিদের এই সকল মামলার বিচারিক প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহযোগিতার নির্দেশ দিয়েছেন।
আদালতে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড এর পক্ষে শুনানি করেন আইনজীবী কুমার দেবুল দে। এর আগে তিনি কারাবন্দীদের বিষয়টি হাইকোর্টের নজরে আনেন।








