বাংলাদেশের ৪৭তম স্বাধীনতা দিবসে বার্মিংহাম স্মলহিথ পার্কে ১০০০ বর্গফুট আয়তনের লাল-সবুজ পতাকা উড়াবে বার্মিংহাম ভিত্তিক সংগঠন ‘মাটি ইউকে’।
শুক্রবার বিকেলে পূর্ব লন্ডনের একটি রেষ্টুরেন্টে আয়োজিত এক সাংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ‘মাটি ইউকে’র সংগঠক সাংবাদিক আশরাফুল ওয়াহিদ দুলাল।
সাংবাদিকদের তিনি বলেন: প্রবাসে জন্ম নেয়া নতুন প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও অর্জনের সাথে পরিচয় করিয়ে দেয়ার উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে ব্রিটিশ বাংলাদেশী ইয়ং কালচারাল সোসাইটি ‘মাটি ইউকে’।
কর্মসুচীর উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়: শেকড়ের সঙ্গে প্রবাসী নব-প্রজন্মের সেতুবন্ধন সৃষ্টির অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের বিকেলে এক হাজার বর্গফুট আয়তনের বাংলাদেশের লাল সবুজ পতাকা ওড়ানোর কর্মসুচী নিয়েছে এই সংগঠনটি।
আশরাফুল ওয়াহিদ দুলাল জানান: শুধু বাংলাদেশের পতাকাই নয়, ওই দিন লাল সবুজের পাশাপাশি উড়বে ব্রিটেনের জাতীয় পতাকাও।
লিখিত বক্তব্যে আরো বলা হয়: বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে বার্মিংহাম স্মলহীথ পার্কের রয়েছে ঐতিহাসিক সম্পর্ক। ১৯৭১ সালের ২৮ মার্চ এই পার্কে দশ হাজারেরও বেশি মানুষের উপস্থিতিতে উড়েছিলো বাংলাদেশের জাতীয় পতাকা, রচিত হয়েছিলো একটি ইতিহাস। ‘মাটি ইউকে’ স্মরণ করবে ১৯৭১ এর সেই সময়টি, শ্রদ্ধা জানাবে ওই কর্মসুচীর আয়োজক বীর প্রবাসী মুক্তিযোদ্ধাদের।
সংবাদ সম্মেলনে কর্মসুচীর অন্যান্য উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনীতিক এবং সংগঠক মসুদ আহমদ, সাংবাদিক সৈয়দ নাসির, সাংবাদিক মারুফ আহমদ এবং সংগঠনের উপদেষ্টা আবু হায়দার সুইট প্রমূখ।







