ভ্যাটিকানে বৈদ্যুতিক গোলযোগের কারণে লিফটের ভেতরে অন্তত ২৫ মিনিট আটকা পড়েছিলেন রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস।
এই সময় লিফটের ভেতরে অন্ধকারে তিনি একা দাঁড়িয়ে ছিলেন। পরে ফায়ার ব্রিগেডের সদস্যরা বুঝতে পেরে পোপকে উদ্ধার করেন।
রোববার পোপ নিজেই লিফটে আটকা পড়ার বিষয়টি ব্যাখ্যা করেন।
এনডিটিভি জানায়, রোববার সেন্ট পিটার্স স্কয়ারে একটি অনুষ্ঠানে যোগ দেয়ার কথা ছিলো পোপের। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে প্রায় আধা ঘণ্টা দেরিতে সেখানে আসেন তিনি।
এরপর পোপ তার দেরি হওয়ার কারণ ব্যাখ্যা করে বলেন, ২৫ মিনিটের জন্য ভ্যাটিকানের একটি লিফটে আটকে ছিলেন এবং তাকে ফায়ার ব্রিগেডের সদস্যরা উদ্ধার করেন।
এ সময় উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমাকে আপনার ক্ষমার দৃষ্টিতে দেখুন।’
ফায়ার ব্রিগেডের সদস্যদের সাধুবাদ জানান পোপ।








