সোমবার ২০ বছরে পদার্পণ করছে চ্যানেল আই। গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিশিষ্টজনেরা বলছেন, দেশ-সংস্কৃতি-গণমানুষের প্রত্যাশা পূরণে চ্যানেল আই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও রুচিশীল অনুষ্ঠানের উদাহরণ সৃষ্টি করেছে।
প্রযুক্তির উৎকর্ষতায় আগামীতে মাল্টিমিডিয়া জার্নালিজম ও ডিজিটাল বিনোদন জগতেও চ্যানেল আই এগিয়ে থাকবে বলে আশা তাদের।
সবার চেয়ে দেশ বড়… এমন অঙ্গীকারে ১৯৯৯ সালের ১ অক্টোবর পথচলা শুরু করে বাংলা ভাষার প্রথম ডিজিটাল স্যাটেলাইট চ্যানেল চ্যানেল আই।
দুই বছর পর ২০০১ সালের ১লা অক্টোবর যাত্রা শুরু করে চ্যানেল আই সংবাদ। হৃদয়ে বাংলাদেশ… দেশ মাতৃকার ভালোবাসার লাল সবুজের চোখ দিয়ে দেখা গণমানুষের এই টেলিভিশন চ্যানেল ১৯ বছর পার করেছে।
২০ বছরে পদার্পণের স্লোগান: কোটি প্রাণে মিশে আমরা এখন ২০-এ। জন্মদিনের আগে প্রতি বছরের মতো এবারও দেশ ঘুরে মানুষের সঙ্গে কথা বলেছে আমার চ্যানেল আই টিম।
দীর্ঘ যাত্রায় দেশ-বিদেশের কোটি বাঙালির স্বপ্নের প্রতিফলনে কতোটা সফল চ্যানেল আই?
অনলাইন মিডিয়া এবং ডিজিটাল কনটেন্টের এ যুগে চ্যানেল আইসহ টেলিভিশন চ্যানেলগুলোর আগামীর চ্যালেঞ্জ কী হতে পারে সে বিষয়ে কথা বলেছেন গণমাধ্যম বিশেষজ্ঞরা।
জন্মদিনকে ঘিরে দেশজুড়েই চলছে উৎসব আয়োজন। চ্যানেল আই প্রাঙ্গণেও উৎসবের আমেজ। সোমবার সকাল থেকে চলবে উৎসব, সারাদিন গুণীজনদের পদচারণায় মুখর থাকবে চ্যানেল আই প্রাঙ্গণ।







