২০২২ সালে চালকবিহীন বাস নামানোর পরিকল্পনা করছে সিঙ্গাপুর সরকার। দেশটি পক্ষ থেকে জানানো হয়েছে, চালকবিহীন বাস উপযোগী তিনটি নতুন সড়কে পরীক্ষামূলকভাবে এসব বাস নামানো হবে।
বসবাসকারীরা আশপাশের এলাকাসহ নিকটবর্তী বাস ও রেল স্টেশনে ভ্রমণের ক্ষেত্রে এসব চালকবিহীন বাস ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে বিবিসি।
চালকবিহীন এই প্রযুক্তি চালু হলে ভূমি ও মানবশক্তির অভাব পূরণ হবে বলে আশা করছে বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ সিঙ্গাপুর।নতুন বাসগুলো বর্তমান বাসের পরিপূরক হবে বলে আশা করা হচ্ছে। এসব বাস মূলত অলস সময়ে পরিচালিত হবে।
সিঙ্গাপুরের পরিবহনমন্ত্রী খাও বুন ওয়ান বলেন, স্বয়ংক্রিয় যানবাহনগুলো আমাদের গণপরিবহন ব্যবস্থার গ্রহণযোগ্যতা বৃদ্ধি করবে। বিশেষ করে বয়স্ক ও শিশুদের জন্য এসব যানবাহন সুবিধা বয়ে আনবে বলে জানান তিনি।
কমপক্ষে ১০টি কোম্পানি দেশটিতে চালকবিহীন গাড়ির প্রযুক্তি উন্নয়নে কাজ করে যাচ্ছে বলেও জানান পরিবহনমন্ত্রী।







