প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের লক্ষ্য ২০২১ সালের মধ্যে আইসিটি রফতানি ৫ বিলিয়ন ডলার ও আইটি পেশাজীবীদের সংখ্যা ২০ লাখে উন্নীত করা এবং জিডিপিতে আইসিটি খাতের অবদান ৫ শতাংশ নিশ্চিত করা।
প্রধানমন্ত্রী আজ সংসদে তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের কামরুল আশরাফ খানের এক প্রশ্নের জবাবে একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ইনফো সরকার-২ প্রকল্পের আওতায় জেলা ও উপজেলার ১৮ হাজার ১৩০টি সরকারি অফিসের কানেক্টিভিটি প্রতিষ্ঠা করা হয়েছে। ৮০০টি প্রতিষ্ঠানে ভিডিও কনফারেন্সিং সিস্টেম, ২৫৪টি এগ্রিকালচার ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সেন্টার (এআইসিসি) ও ২৫টি টেলিমেডিসিন সেন্টার স্থাপন করা হয়েছে। সরকারি কর্মকর্তাদের মাঝে ২৫ হাজার ট্যাব বিতরণ করা হয়েছে।
শেখ হাসিনা বলেন, সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় ১৬২ দশমিক ৮৩ একর জমিতে সিলেট ইলেক্ট্রনিক্স সিটির প্রাথমিক অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্প অনুমোদিত হয়েছে। ১২টি জেলা ও বিভাগে আইটি ভিলেজ স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও ‘খুলনা আইটি পার্ক’ এবং মাগুরা সদরে ‘শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার’ স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ঢাকার কারওয়ান বাজারস্থ ১২তলা বিশিষ্ট টাওয়ারে কানেক্টিং স্টার্ট আপ ও সফটওয়্যার টেকনোলজি পার্ক বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অনুকূলে বরাদ্দ প্রদান করা হয়েছে। ভবনটির ১টি ফ্লোর স্টার্ট আপ কোম্পানিগুলোর জন্য নির্ধারিত রয়েছে। অন্য ফ্লোরগুলোতে ১৪টি আইটি/আইটিইএস কোম্পানিকে স্পেস বরাদ্দ দেয়া হয়েছে এবং ৩টি কোম্পানি ব্যবসা শুরু করেছে। এখানে ৫০টি স্টার্টআপ কোম্পানিকে এক বছরের জন্য অন্যান্য সুবিধাসহ বিনা ভাড়ায় জায়গা বরাদ্দ দেয়া হবে।
তিনি বলেন, জনগণের দোরগোড়ায় সব ধরনের সরকারি-বেসরকারি ও বাণিজ্যিক তথ্য ও সেবা পৌঁছে দেয়ার একটি সমন্বিত উদ্যোগ হিসেবে ৪ হাজার ৫৪৭টি ইউনিয়ন পরিষদে, ৩২১টি পৌরসভায় এবং ৪০৭টি সিটি কর্পোরেশনের ওয়ার্ডে ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে। ১০০টির অধিক সরকারি-বেসরকারি সেবা কেন্দ্রগুলো থেকে নাগরিকদের সেবা প্রদান করা হচ্ছে।
শেখ হাসিনা বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে দেশের ২৩ হাজার ৩৩১টি মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেশের ৪৫০০টি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম ও মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষের মাধ্যমে ৮৫ লাখ শিক্ষার্থীকে পাঠদান করা হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ডাক বিভাগের অধীন ১ হাজার ৩৩৩টি পোস্ট অফিসের মাধ্যমে পোস্টাল ক্যাশ কার্ড সেবা প্রদান করা হচ্ছে। দেশের মোট ২ হাজার ৭৫০টি পোস্ট অফিস ও সাব-পোস্ট অফিসের মাধ্যমে ১ কোটি ২৬ লাখ ইলেকট্রনিক মানি অর্ডার ইস্যু করা হয়েছে।










