মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের ফুলবাড়িয়ার আল বদর নেতা রিয়াজ উদ্দিন ফকির ও রাজাকার ওয়াজ উদ্দিনের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত করেছে তদন্ত সংস্থা। পাকিস্তানে ফেরত ১৯৫ যুদ্ধাপরাধী প্রতীকী বিচারকে আইনসিদ্ধ নয় বলে মন্তব্য করেছেন তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান।
হান্নান খান বলেছেন, তাদের তদন্তে ১৯৫ জন ছাড়াও একাত্তরের ২৫ মার্চ থেকে যেসব পাকিস্তানি সেনা অপরাধ করেছে তাদের সবার নাম আসবে।
একাত্তরে গণহত্যা, হত্যা, নির্যাতনের ৫ অভিযোগ আনা হয় ময়মনসিংহের ফুলবাড়িয়ার আল বদর নেতা রিয়াজ উদ্দিন ফকির ও রাজাকার ওয়াজ উদ্দিনের বিরুদ্ধে। মারা যাওয়ায় বাদ দেওয়া হয়েছে আসামী আমজাদ আলীর নাম। এ বিষয়ে সংবাদ সম্মেলনে ১৯৫ জন যুদ্ধাপরাধী পাকিস্তানি সেনার প্রতীকী বিচার নিয়েও নিজেদের অবস্থান জানান তদন্ত সংস্থার সমন্বয়ক।
১৯৫ জনের বাইরে আরও অপরাধীর নাম আসার কথা জানিয়েছে তদন্ত সংস্থা।
তদন্ত সংস্থা জানিয়েছে, পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহের কাজ চলছে। মন্ত্রিসভা থেকেও তথ্য চেয়ে বিভিন্ন জেলায় চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে তদন্ত সংস্থা।







