অস্ট্রেলিয়া নিরাপত্তা দল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছে। ফলে ১৪ নভেম্বর রাতে ঢাকায় পা রাখবে অস্ট্রেলিয়া ফুটবল দল। ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মামুনুলদের মুখোমুখি হবে টিম কাহিলরা।
নিরাপত্তার অজুহাত তুলে গত মাসে বাংলাদেশ সফর স্থগিত করেছিলো ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সিএর নিরাপত্তা তদন্ত কর্মকর্তারা ঢাকায় এসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসানসহ সব নিরাপত্তা বাহিনীর সঙ্গে বৈঠক করেছিলেন। অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে সর্বোচ্চ রাষ্ট্রীয় নিরাপত্তা দেয়ার প্রতিশ্রুতির পরও শেষ পর্যন্ত বাংলাদেশ সফর স্থগিত করে সিএ।
একই কারণ দেখিয়ে ঢাকায় আসেনি দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলও। ক্রিকেট অস্ট্রেলিয়ার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে দেশটির ফুটবল ফেডারেশনও (এফএফএ)।
তবে শেষ পর্যন্ত সব জল্পনা-কল্পনার ইতি টেনে ঢাকায় আসছে অস্ট্রেলিয়া ফুটবল দল। মঙ্গলবার জানা গেছে, ফিফার কাছে নিরপেক্ষ ভেন্যুতে বাংলাদেশের সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বের অ্যাওয়ে ম্যাচটি খেলতে চেয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু তাদের সেই আবদার মানেনি ফিফা। ফলে সকারুদের বাংলাদেশ সফর নিয়ে সব সংশয় কেটে গেছে।







