সিটি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘১৩তম সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার’ এর চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। শনিবার এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার ঘোষণা ও প্রদান করা হয়। এতে বিভিন্ন বিভাগে মোট ১২জন উদ্যোক্তাকে পুরস্কৃত করা হয়। সিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরস্কার প্রদান অনুষ্ঠানে এবছর শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে ঠাকুরগাঁওয়ের মাসুমা খানম পান নগদ সাড়ে চার লাখ টাকা, এ বিভাগে প্রথম রানার আপ পাবনার সিরাজুল ইসলাম ও দ্বিতীয় রানার আপ ফেনীর সলিম উদ্দিন যথাক্রমে দেড় লাখ ও এক লাখ টাকা করে পুরস্কার জেতেন।
শ্রেষ্ঠ নারী ক্ষুদ্র উদ্যোক্তা বিভাগে বিজয়ী হিসেবে ফরিদপুরের খালেদা আক্তার জিতে নেন সাড়ে তিন লাখ টাকা। প্রথম রানার আপ বগুড়ার মিলি খাতুন এবং দ্বিতীয় রানার আপ হবিগঞ্জের জাকিয়া আফরিন মুক্তা যথাক্রমে দেড় ও এক লাখ টাকা পুরস্কার জিতেন।
শ্রেষ্ঠ তরুণ ক্ষুদ্র উদ্যোক্তা বিভাগে কুষ্টিয়ার শাহিনুর রহমান, প্রথম রানার আপ হিসেবে মেহেরপুরের সাহিদা খাতুন এবং দ্বিতীয় রানার আপ ঢাকার রুমকি পান যথাক্রমে সাড়ে তিন লাখ, দেড় লাখ ও এক লাখ টাকা পুরস্কার।
এছাড়াও বছরের সেরা সৃজনশীল ক্ষুদ্রঋণ সংস্থা বিভাগে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা এবং বছরের সেরা ক্ষুদ্রঋণ সংস্থা বিভাগে বিজয়ী হিসেবে মমতা পুরস্কার সম্মাননা গ্রহণ করেন।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বন ও পরিবেশ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। আরলিংকস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং ‘১৩তম সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরষ্কার’ এর ভারপ্রাপ্ত উপদেষ্টা পরিষদের চেয়ারপার্সন রোকেয়া আফজাল রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এন. রাজাশেকারান, ম্যানেজিং ডিরেক্টর, কান্ট্রি অফিসার, সিটি বাংলাদেশ ; জাহিদা ফিজ্জা কবির, এক্সিকিউটিভ ডিরেক্টর, সাজেদা ফাউন্ডেশন; মোঃ আব্দুল আউয়াল, এক্সিকিউটিভ ডিরেক্টর, ক্রেডিট এ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম; বিভিন্ন জেলার ক্ষুদ্র উদ্যোক্তা; ক্ষুদ্র উদ্যোক্তা প্রতিষ্ঠানের প্রতিনিধিবর্গ এবং সেই সঙ্গে মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় ব্যাংক এর গুরুত্বপূর্ণ কর্মকর্তাবৃন্দ এবং ১৩তম সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরষ্কারের উপদেষ্টা পরিষদ এবং বাছাই কমিটির সম্মানিত উচ্চপদস্থ সদস্যবৃন্দ।
সিটিব্যাংক, এন. এ. বাংলাদেশ, সাজেদা ফাউন্ডেশন ও ক্রেডিট এ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ) কর্তৃক পরিচালিত এ কর্মসূচীর মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে ক্ষুদ্র উদ্যোক্তাগণ ও ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠানগুলো যে অবদান রাখছে তার স্বীকৃতি প্রদানের পাশাপাশি ক্ষুদ্র শিল্প স্থাপনের উদ্যোগকে উৎসাহিত করা। এবং বিশ্বব্যাপী বিনিয়োগ ও দাতা সংস্থাগুলো কর্তৃক ক্ষুদ্র উদ্যোক্তাদের মেধা ও সফলতা অর্জনে সার্বিকভাবে সহযোগিতা প্রদান ও সচেতনতা সৃষ্টি করা বলে সিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়।







