টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ভালো না করেও সৌভাগ্যক্রমে সেমিফাইনালে খেলার সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশের। আফগানিস্তান ও ভারতের কাছে অস্ট্রেলিয়া পর পর দুই ম্যাচ হারায় বাংলাদেশের সম্ভাবনার রাস্তা খুলে যায়। ডু অর ডাই পরিস্থিতির সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি দল। ১২.১ ওভারে ১১৫ রান করলেই ইতিহাস গড়ত শান্তবাহিনী। প্রথমবার খেলতে বিশ্বকাপ সেমিফাইনাল।
সেন্ট ভিনসেন্টে সে চেষ্টা না করায় মন ভাঙে কোটি টাইগারপ্রেমির। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা শেষে নাজমুল হাসান পাপনের সংবাদ সম্মেলনে ব্যাটারদের ব্যর্থতা নিয়ে প্রশ্ন করা হলে বোর্ড সভাপতি জানান কন্ডিশন হয়ত রান তাড়ার পক্ষে ছিল না।
‘টি-টুয়েন্টিতে ১২ ওভারে ১১৫ কঠিন কিছু না। তবে খেলা দেখে মনে হয়েছে কন্ডিশন ওরকম ছিল না। কিন্তু ওরা চেষ্টা করেছে। আমি শুনেছি ৩ উইকেট পড়ার আমরা চেষ্টা করিনি। এরকম একটা কথা এসেছে। এটা গ্রহণযোগ্য না। খেলা দেখে মনে হয়নি একদমই চেষ্টা করছে না। তাওহীদ হৃদয় তো মেরেই খেলেছে। রশিদ খানের শেষ ওভারে রিশাদ ও মাহমুদউল্লাহ আউট হয়েছে। যে কন্ডিশন তাতে সহজ ছিল না। একতরফা কথা বললে হবে না।’







