মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য শহীদ জননী জাহানারা ইমামসহ ১০ জন নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানালো ৭১ ফাউন্ডেশন। শনিবার বিকেলে রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতি মিলনায়তনে এ সম্মাননা জানানো হয়।
২০১৫ সাল থেকে ৭১ ফাউন্ডেশন নারী মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়ে আসছে।
জাহানারা ইমাম ছাড়াও এবার বীর মুক্তিযোদ্ধা জওশন আরা রহমান, শেফালী দাস, কল্যাণী ঘোষ, ইলা দাস, ডা. লায়লা পারভীন বানু, সৈয়দা সালমা হক, মুকুল মজুমদার দীপা, সাঈদা কামাল, আনোয়ারা বেগম আনু এবং ডালিয়া নওশিনকে সম্মাননা প্রদান করা হয়।
মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মুক্তিযোদ্ধা কর্নেল শওকত আলী এমপি। এ সময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৭১ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা: খালেদ শওকত আলী।
চ্যানেল আই অনলাইনকে খালেদ শওকত আলী বলেন, ৭১ ফাউন্ডেশন ভাষা আন্দোলন থেকে শুরু করে যারা মুক্তির সংগ্রামে অবদান রেখেছেন এবং অসমাপ্ত মুক্তির সংগ্রামে অবদান রেখে চলেছেন তাদের সবাইকে শ্রদ্ধা জানায়। এ বছর আমরা মরণোত্তর সম্মাননা জানাচ্ছি শহীদ জননী জাহানারা ইমামকে। যিনি মৌলবাদ, সাম্প্রদায়িকতা এবং যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন আমৃত্যু।
অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাগণ মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন।







