যাকে পেতে বার্সেলোনার এখন ঘুম হারাম, সেই ফিলিপে কৌতিনহোকে ১০ বছর আগেই দল ভেড়াতে পারত রিয়াল মাদ্রিদ। ২০০৮ সালে র্যামন ক্যালডেরনের আমলে লিভারপুলের বর্তমান প্লেমেকারকে বাদ দিয়ে অ্যালিপিওকে দলে ভেড়ায় ক্লাবটি।
ওই সময় রিয়ালের টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন অ্যাঞ্জেল মিগুয়েল পর্তুগাল। যিনি কৌতিনহোকে পছন্দ করেও ক্লাব প্রেসিডেন্টের কারণে চুক্তি করাতে ব্যর্থ হন।
কৌতিনহো, অ্যালিপিও ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব ভাস্কো ডা গামা’র সৃষ্টি। অ্যালিপিও রিয়ালে দুই বছর থাকেন। ক্লাবটির বি এবং সি দলের হয়ে দুটি করে ম্যাচ খেলে বেনিফিকায় চলে যান। এরপর দ্বিতীয় সারির আরো কয়েকটি ক্লাবে খেললেও বিশ্বমানের পর্যায়ে পৌছাতে পারেননি।

রিয়ালে যাওয়ার সুযোগ হারিয়ে ১৬ বছর বয়সী কৌতিনহো ২ মিলিয়ন ইউরোতে ইন্টার মিলানে যোগ দেন। এখন ২৫ বছরের এই ‘হট কেকে’র মূল্য বিবেচিত হচ্ছে ১৭০ মিলিয়ন ইউরোর কাছাকাছি!
২০০৮ সালে কৌতিনহোকে পেতে হলে রিয়ালের খরচ হতো ২.৫ মিলিয়ন ইউরো।
মিগুয়েল তার ব্লগে সেই সময়ের পরিস্থিতির কথা বর্ণনা করেছেন, ‘কৌতিনহোর দিকে ক্লাবের নজর আগে থেকেই ছিল। তাকে দলে নেয়ার ব্যাপারে সব তথ্য ইতিবাচক ছিল। রিও ডি জেনিরোতে ব্যক্তিগতভাবে আমি তাকে দেখতেও গিয়েছিলাম।’
‘সব কিছু ঠিক চলছিল। তার বাবা-মায়ের সঙ্গে কথা বলে ফিরে আসি। কিন্তু তখনো জানতাম না ব্রাজিল থেকে আসার পর আমার জন্য কী বিস্ময় অপেক্ষা করছে। প্রেসিডেন্ট র্যামন ক্যালডেরন বললেন অ্যালিপিওকে নেয়া হয়েছে।’
মিগুয়েল এখনো সেদিনের কথা ভেবে বিস্মিত হন, ‘অবিশ্বাস্য হলেও এটাই সত্যি।’
ঠিক এক সপ্তাহ পরে ইন্টারে পাড়ি দেন ১৬ বছর বয়সী সেই কৌতিনহো।







