বর্তমান সময়ে বলিউডের অন্যতম সফল ও ব্যস্ত অভিনেতাদের একজন অক্ষয় কুমার। প্রতি বছর দর্শকদের একাধিক হিট সিনেমা উপহার দেন তিনি। তার হাতে এত কাজ থাকে যে এক ছবির পেছনে খুব বেশি সময় দিতে পারেন না অভিনেতা। এক সাক্ষাৎকারে জানালেন সেই কথা।
পিঙ্ক ভিলায় দেওয়া সাক্ষাৎকারে অক্ষয় বলেন, “একটা প্রচলিত কথায় আমি খুব বিশ্বাস করি, ‘বাজেট হিট তো ফিল্ম হিট’। আমি কোনোদিন সিনেমার প্রযোজকের টাকা ও সময় নষ্ট করিনি। আমার সহ-অভিনেতা ও সিনেমার ক্রুদের সব সময় সম্মান করেছি। একটাই উদ্দেশ্য, সময়ও যেন আমাকে এই সম্মানটাই ফিরিয়ে দেয়।”
অক্ষয় আরও বলেন, ‘একটি ছবির পেছনে ৪০-৪৫ দিনের বেশি সময় দেওয়া কারও পক্ষেই সম্ভব হয় না। আর এই সময়ের মধ্যে সিনেমার শুটিং শেষ করে ফেলা যায়, তাহলে ছবির বাজেট থাকবে নিয়ন্ত্রণে। ১০০ দিনের বেশি শুটিং করতে হবে, এমন কোনো ছবির কাজ আমার পক্ষে করা সম্ভব নয়।’
অক্ষয়কে শেষ দেখা গিয়েছে আনন্দ এল রাইয়ের সিনেমা ‘অতরঙ্গি রে’-তে অতিথি চরিত্রে। অভিনেতা এখন ২০২২ সালের প্রথম ছবি ‘বচ্চন পাণ্ডে’র মুক্তির অপেক্ষা করছেন। ‘বচ্চন পাণ্ডে’র পর অক্ষয়কে দেখা যাবে ‘পৃথ্বীরাজ’, ‘রক্ষাবন্ধন’, ‘রাম সেতু’, ‘ওএমজি ২’ ছবিতে।








