মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে আসরের চতুর্থ জয় পেয়েছে সাউথ আফ্রিকা। শেষ ওভারের নাটকীয়তায় মারিজান ক্যাপের নৈপুণ্যে নিউজিল্যান্ডের দেয়া ২২৯ রানের লক্ষ্য ৩ বল ও ২ উইকেট হাতে রেখে টপকে যায় প্রোটিয়ারা।
টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক সোফি ডিভাইন। শুরুতেই ওপেনার সুজি বেটসকে হারায় তার দল। সোফির দৃঢ়তায় অবশ্য লড়াই অব্যাহত থাকে।
দলীয় সর্বোচ্চ ৯৩ রান আসে সোফির ব্যাট থেকে, ১০১ বলে। অ্যামেলিয়া কেরের ব্যাটে আসে ৫৮ বলে ৪২ রান। শেষদিকে দ্রুত উইকেট পড়লে ৪৭.৫ ওভারের মাথায় ২২৮ তুলে অলআউট হয় ব্ল্যাক ক্যাপস বাহিনী।
তিনটি করে উইকেট তুলেছেন প্রোটিয়া বোলার শাবনিম ইসমাইল ও আয়াবোঙ্গা খাকা।
জবাবে প্রোটিয়া ওপেনার লিজেল লি ১৭ রানে কাটা পড়েন। অন্যপ্রান্তে লরা ওলভার্ডের ব্যাটে আসে ৯৪ বলে ৬৭ রান।
পরে ৭৩ বলে ৫১ রান করে অধিনায়ক সুনে লুউস ফিরলে চাপে পড়ে প্রোটিয়া ড্রেসিংরুম। সেই চাপ সামলে ৩৫ বলে ৩৪ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মারিজান ক্যাপ।
কিউই বোলারদের মধ্যে ৩ প্রোটিয়া ব্যাটারকে কাবু করেছেন অ্যামেলিয়া কের।










