রাশিয়া ২০১৮ বিশ্বকাপ ফুটবলের জন্য আবারও বাছাইপর্বে মাঠে নামছে আর্জেন্টিনা। উরুগুয়ে এবং ভেনিজুয়েলার বিপক্ষে দুটি ম্যাচের জন্য অনুশীলনও শুরু হয়েছে বর্তমান বিশ্বকাপ রানার্সআপদের। তবে ইনজুরির কারণে দুটো ম্যাচেই মাঠে নামতে পারবেন না সুপারস্টার লিওনেল মেসি।
অবসর ভেঙ্গে সম্প্রতি আবারও আর্জেন্টিনার হয়ে মাঠে নামার ঘোষণা দিলেও মেসির ক্লাব বার্সেলোনা নিশ্চিত করেছে, তার হ্যামস্ট্রিং ইনজুরির খবর।
বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ে টান থাকায় পয়লা সেপ্টেম্বর উরুগুয়ে এবং ৬ সেপ্টেম্বর ভেনিজুয়েলার বিপক্ষে দুটি ম্যাচেই মেসিকে আর্জেন্টিনা পাবে না বলে বার্সার পক্ষ থেকে জানানো হয়।
উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন কোচ এডগার্ডো বাউজার অভিষেকও হচ্ছে। কোপা আমেরিকায় ব্যর্থতার পর সাবেক কোচ জেরার্ডো মার্টিনোর জায়গায় তাকে নিয়োগ দেয় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন।







