ইনজুরি আক্রান্ত জশ হ্যাজেলউডের জায়গায় স্পিনার স্টিভ ও’কিফের নাম ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বুধবার ও’কিফের নাম জানায় সিএ। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে যোগ দিতে উড়ে আসছেন তিনি।
মঙ্গলবার বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে বোলিংয়ের সময় চোট পান পেসার হ্যাজেলউড। মিরপুর টেস্টে তৃতীয় দিনে (মঙ্গলবার) নিজের সপ্তম বলটি করার সময় লেফট সাইড স্ট্রেন্থের চোটে পড়েন ২৬ বর্ষী হ্যাজেলউড। সেসময় অধিনায়ক স্মিথকে বলে মাঠ ছাড়েন। পরে আর বলই করতে পারেননি।
এই চোট কেবল চলতি সিরিজের দ্বিতীয় টেস্টেই নয়, আসন্ন ভারত সফরের পাঁচ ওয়ানডে থেকেও ছিটকে দিয়েছে হ্যাজেলউডকে। মিরপুর টেস্ট শেষে দেশে ফিরে যাওয়ার কথা তার।
ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির চেয়ারম্যান ট্রেভর হন্স ও’কিফের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। চট্টগ্রাম টেস্টে পেস আক্রমণে প্যাট কামিন্সের সঙ্গী হবেন জ্যাকসন বার্ড। তবে স্কোয়াডে জায়গা করে নিলেও ও’কিফের একাদশে জায়গা পাওয়ার নিশ্চয়তা কম।
কেননা, মিরপুর টেস্টে নাথান লায়ন ও অ্যাস্টন অ্যাগার স্পিন অ্যাটাকে দারুণ পারফর্ম করেছেন। আর যদি দলে জায়গা পান তাহলে তিন স্পিনার নিয়ে মাঠে নামতে হবে সফরকারীদের।
ভারতের মাটিতে ওয়ানডে সিরিজের জন্যও হ্যাজেলউডের বিকল্প ঠিক করেছে অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথদের সঙ্গী হবেন সাউথ অস্ট্রেলিয়ার পেসার কেন রিচার্ডসন।







