নিয়োগের মাত্র তিন মাসের মাথায় পদত্যাগ করলেন হোয়াইট হাউজের জনসংযোগ পরিচালক মাইক ডাবকি। তবে ডাবকির পদত্যাগের কারণ এখন পর্যন্ত জানা যায়নি।
তার পদত্যাগের কারণ ব্যক্তিগত বলে ইমেইলে বন্ধুদের জানিয়েছেন এই কর্মকর্তা। ট্রাম্প প্রশাসনে কাজ করা তার জন্য সম্মানের হয়ে থাকবে বলেও ওই মেইলে তিনি উল্লেখ করেন।
এছাড়া মার্কিন সরকারের ভালো এবং কর্মঠ নারী-পুরুষ দিয়ে হোয়াইট হাউজ পরিপূর্ণ বলেও তিনি জানিয়েছেন।
গত ১৮ মে ডাবকি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে রাজনৈতিক সংবাদ বিষয়ক ওয়েবসাইট অ্যাক্সিওস নিউজ জানিয়েছে। তবে মধ্যপ্রাচ্য ও ইউরোপ সফর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প ফিরে আসা পর্যন্ত তিনি পদে থাকতে রাজি হয়েছিলেন বলে হোয়াইট হাউসের উপদেষ্টা কেলিয়ান কনওয়ে জানিয়েছেন।
এখন ডাবকির জায়গায় কাকে নিয়োগ দেয়া হবে সে সম্পর্কে কিছু জানায়নি হোয়াইট হাউস।
গত মার্চে অভিজ্ঞ এই রিপাবলিকান কৌশলবিদকে নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের গণমাধ্যম কৌশল ঢেলে সাজানোর জন্য ডাবকিকে নিয়োগ দেয়া হয়েছিল বলে বিবিসি জানিয়েছে।
এর আগে হিলারি ক্লিনটনের ই-মেইল সংক্রান্ত তদন্তে ভুল তথ্য দেয়ার অভিযোগে মার্কিন ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিচালক জেমস কোমিকে বরখাস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।







