যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজ চত্ত্বর থেকে শুক্রবার রাতে এক অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে।
পিঠে ব্যাগ নিয়ে ঐ অনুপ্রবেশকারী হোয়াইট হাউজ চত্ত্বরে প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ইউএস সিক্রেট সার্ভিস।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসময় ভবনে ছিলেন।
শনিবার ইউএস সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে জানায়, হোয়াইট হাউজের বাইরের বেড়া পার হয়ে এক ব্যক্তি ভেতরে প্রবেশ করলে দক্ষিণ চত্ত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে এসময় কোন বিশৃঙ্খা ঘটেনি এবং অনুপ্রবেশকারীর ব্যাগে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তাকে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিক্রেট সার্ভিস আরো জানায়, দরজা দিয়ে ভিতরে প্রবেশের সাথে সাথে তাকে আটক করা হয়। এরপর সেখানে তল্লাসি করেও কিছু পাওয়া যায়নি। পরে বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্প ও হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি জন কেলিকে জানানো হয়।
ঘটনার পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, অনুপ্রবেশকারীকে আটকে দিয়ে ইউএস সিক্রেট সার্ভিস দারুণ কাজ করেছে।
অনুপ্রবেশকারীকে তিনি পাগল বলে আখ্যা দেন।
সাম্প্রতিক সময়ে হোয়াইট হাউসে বেশ কিছু অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। ২০১৪ সালে বারাক ওবামা প্রেসিডেন্ট থাকা অবস্থায় ৪২ বছর বয়স্ক ওমর গজ্ঞালেস নামের সাবেক এক সেনাসদস্য তখন বেড়া টপকে ভবন ঢুকে পড়েন।
তিনি লন পেরিয়ে ভবনের উত্তর পাশের দরজা পর্যন্ত পৌঁছে যান। তার কাছে একটি ছুরিও ছিল। সেসময় নিরাপত্তাকর্মীরা তাকে আটকে দিতে সক্ষম হয়।







