‘ডুব’ ছবির পর নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী গতবছর ‘স্যাটারডে আফটারনুন’ বা ‘শনিবার বিকেল’ ছবিটি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। তখন শোনা যাচ্ছিল যে ছবিটি হোলি আর্টিজান এর জিম্মি ঘটনা নিয়ে তৈরি করা হবে। তবে এই ব্যাপারে নিশ্চিতভাবে ছবির টিম কিছু জানাননি তখন।
‘স্যাটারডে আফটারনুন’ বা ‘শনিবার বিকেল’ ছবির শুটিং এর মধ্যেই শেষ করে ফেলা হয়েছে। শুটিং শেষ করার পরে ২১ ফেব্রুয়ারি নির্মাতা ফারুকী ছবির ফার্স্ট লুক প্রকাশ করেছেন এবং কাহিনীর বিষয়েও ইঙ্গিত দিয়েছেন ভক্তদেরকে।
ফারুকী বলেন,’যদিও আমরা কখনোই চাইনি ছবির ব্যাপারে আগাম কোনো তথ্য জানাতে। কারণ ছবিতে যা আছে সেটা ছবি দেখতে গেলেই দর্শকরা জানতে পারবেন। যেহেতু এসব নিয়ে নানা জনের নানা রকম স্পেকুলেশন আমরা দেখতে পাচ্ছি পত্র পত্রিকায় এবং সোশ্যাল মিডিয়ায়, সে কারণে আমরা এই বিষয়ে আমাদের বক্তব্য পরিষ্কার করতে চেয়েছি।’
তিনি আরও বলেন, “‘শনিবার বিকেল’ একটি সিঙ্গেল শট ফিল্ম এবং এটি একটি জিম্মি ঘটনা নিয়ে তৈরি। কিন্তু, এখানে কোনো বাস্তব ঘটনার হুবহু পুনর্নির্মাণ হয়নি।”
বার্লিন ফেস্টিভালে ছবির জার্মান প্রযোজক আনা কাচকো’র সাথে কথা বলে এই বিষয়ে যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ম্যাগাজিন ভ্যারাইটি একটি এক্সক্লুসিভ রিপোর্ট করেছে। সাথে প্রকাশ করেছে ছবির ফার্স্ট লুক। এজন্য তিনি ভ্যারাইটিকে ধন্যবাদ জানান।
ভ্যারাইটির তথ্য অনুযায়ী ছবিটি হোলি আর্টিজান ঘটনা থেকে অনুপ্রাণিত, কিন্তু সেই ঘটনার হুবহু পুনর্নির্মাণ নয়। চরিত্ররাও এখানে আলাদা। বাংলাদেশ-ভারত-জার্মান যৌথ প্রযোজনায় ‘শনিবার বিকেল’ ছবিটি জাজ মাল্টিমিডিয়া আর কলকাতার শ্যাম সুন্দর দে’র পাশাপাশি ছবিয়ালও প্রযোজনা করছে। ছবিটিতে সিনেমাটোগ্রাফার হিসেবে রয়েছেন আজিজ জাম্বাকিয়েভ। মোস্তফা সরয়ার ফারুকীর ‘স্যাটারডে আফটারনুন’ বা ‘শনিবার বিকেল’ ছবিতে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা, ভারতের পরমব্রত চ্যাটার্জী ও ফিলিস্তিনের চলচ্চিত্র তারকা ইয়াদ হুরানি।










