মাহমুদউল্লাহ’র শেষ ওভারের দ্বিতীয় বলে লংঅন ওপর দিয়ে বিশাল ছক্কা হাঁকালেন জেমস ফ্যাঙ্কলিন, তাতেই খুলনা টাইটান্সকে হেসেখেলে ৭ উইকেটে হারিয়ে বিপিএলের স্বপ্নের ফাইনালে উঠে গেল রাজশাহী কিংস।
আগামী ৯ ডিসেম্বর বিপিএল ফাইনালে রাজশাহীর প্রতিপক্ষ ঢাকা ডায়নামাইটস।
খুলনার দেওয়া ১২৬ রান রাজশাহী টপকে যায় চার বল ও তিন উইকেট হারিয়ে। রাজশাহীর পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন দলের আইকন খেলোয়াড় সাব্বির রহমান। এছাড়া ফ্যাঙ্কলিন করেন ৩০ রান।
লক্ষ্য যখন ১২৬ রান তাইতো ফাইনালের জন্য আগাম ব্যাটিং প্রাকটিসটাও করে রাখল রাজশাহী কিংসের ব্যাটসম্যানরা।
১২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই কুপারের বলে ফ্রন্ট ফুটে খেলতে গিয়ে ফাস্ট স্লিপে মজিদের কাছে ধরা পড়েন মুমিনুল (২)। দ্বিতীয় উইকেট জুটিতে আফিফ হোসেন ও নুরুল হাসান ২৯ রান যোগ করেন।
দলীয় ৩৪ রানের মাথায় নুরুল হাসান সোহান (১৪) মোশারফের বলে হাসানুজ্জামানের কাছে ধরা পড়ে সাজঘরে ফেরেন।
তৃতীয় উইকেট জুটিতে আফিফ ও সাব্বির রহমান ৩৩ রান যোগ করে। দলীয় ৬৭ রানে আফিফ (২৬) মাহমুদউল্লাহ’র বলে এলবিডব্লিউ হয়ে ফিরে গেলেও আইকন সব্বির ও কিউই অলরাউন্ডার জেমস ফ্যাঙ্কলিন দলকে জিতিয়ে মাঠ ছাড়ে।
এরআগে মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা টাইটান্স। সামিত প্যাটেলের ঘূর্ণিতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৫ রান করে খুলনা টাইটান্স। দলের পক্ষে আরিফুল ইসলাম সর্বোচ্চ ৩২ রান করে।
রাজশাহীর বোলারদের নিয়ন্ত্রিত বোলিং আর ফিল্ডিংয়ে শুরু থেকেই লাগামছাড়া খুলনা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। রাজশাহীর পক্ষে তিনটি উইকেট নেন সামিত প্যাটেল। এছাড়া আফিফ হোসেন, ফরহাদ রেজা, কেসরিক উইলিয়াম ও ড্যারেন স্যামি প্রত্যেকে একটি করে উইকেট নেন।








