শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের ব্যাটসম্যানদের সবচেয়ে বড় হুমকি হয়ে উঠতে পারেন রঙ্গনা হেরাথ। এই বাঁহাতি স্পিনারের ঘূর্ণিতে অতীতে নাকাল হতে হয়েছে টাইগার ব্যাটসম্যানদের। বাংলাদেশের বিপক্ষে মাত্র ৬টি টেস্ট খেলে ২৫ উইকেট নিয়েছেন হেরাথ। ২০১৩ সালে শ্রীলঙ্কার মাটিতে সবশেষ টেস্টে টাইগারদের একাই নাকাল করে ছাড়েন তিনি। কলম্বোতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ১২ উইকেট নেন। প্রথম ইনিংসে ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে নেন ৭ উইকেট। বাংলাদেশ ম্যাচ হারে ৭ উইকেটে।
আবারো লঙ্কা সফরে যাওয়ার আগে তাই হেরাথের স্পিন বিষের কথা মাথায় রাখছেন অধিনায়ক মুশফিকুর রহিম, ‘প্রত্যেকটা দলেই কিছু ম্যাচ উইনিং বোলার- ব্যাটসম্যান থাকে। হেরাথ অনেকদিন ধরেই শ্রীলঙ্কার হয়ে খেলছে, সে সেরা বোলারদের একজন। প্রতিটি খেলোয়াড়ের বিপক্ষে আমাদের পরিকল্পনা আছে। তার বিপক্ষেও আছে। আমি এবং আমাদের দলের যারা আগে তার বিপক্ষে খেলেছে, সবার মোটামুটি জানা আছে তার বিরুদ্ধে কিভাবে খেলতে হবে। আমরা তাকে খুব বেশি উইকেট না দেয়ার চেষ্টা করবো। সে যদি বেশি উইকেট না পায়, তাহলে স্কোরবোর্ডে আমরা অনেক বেশি রান জমা করতে পারবো।’
শ্রীলঙ্কায় এবারও পূর্ণাঙ্গ সিরিজ। শুরুটাও টেস্ট দিয়ে। অন্য যেকোনো সিরিজের চেয়ে এবারের সিরিজের গুরুত্ব বেশি। বাংলাদেশ দল ১০০ টেস্ট খেলার মাইলফলক স্পর্শের অপেক্ষায়। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এ অবধি ৯৮টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। গল টেস্টের পর কলম্বোতে খেলতে নামলেই ১০০ টেস্টের গৌরবে পা রাখবে বাংলাদেশ।
মুশফিকও জানেন সেটির গুরুত্ব। জানালেন এ ম্যাচে নামার আগে থাকবে ভিন্ন পরিকল্পনা, ‘এটা তো অবশ্যই রোমাঞ্চিত হওয়ার ব্যাপার। এটা একটা মাইলস্টোন। এটা শুধু আমার জন্য নয়, পুরো বাংলাদেশের জন্যই এটা একটা বড় মাইলফলক, আমাদের জাতির জন্যই একটা বড় উপলক্ষ। উপলক্ষকে সামনে রেখে আমরা এমন কিছু যেনো করতে পারি, যা আমাদের দেশের জন্য সম্মান বয়ে আনবে। আমরা সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।’







