বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া বর্তমান সরকারের সাফল্য নিয়ে মিথ্যাচার করছেন অভিযোগ করে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলী সদস্য শেখ সেলিম বলেছেন, খালেদা জিয়া পাগলের প্রলাপ বলছেন; তাকে হেমায়েতপুরে নয়, এখন রাঁচিতে পাঠাতে হবে।
রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে অংশ নিয়ে তিনি বলেন, খালেদা জিয়া অসংলগ্ন কথাবার্তা বলছেন। তিনি বলেছেন “পদ্মাসেতু চালু হওয়ার আগেই ফেঁটে যাবে! তার জীবন দশায়, তিনি এ সেতু দেখে যেতে পারবেন না!”
এ প্রসঙ্গে সেলিম বলেন, “শকুনের দোয়ায় গরু মরে না। শেখ হাসিনা নিজেদের টাকায় পদ্মাসেতু করছেন। ইনশাল্লাহ্ ২০১৮ সালে মধ্যে পদ্মাসেতু নির্মিত হবে। পদ্মাসেতু নির্মিত হলে শুধু দেশের দক্ষিণাঞ্চলের চার কোটি মানুষই শুধু উপকৃত হবে না, এদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে।’’
খালেদা জিয়া বাংলাদেশের মানুষের সচ্ছলতা আসুক তা সহ্য করতে পারেন না দাবি করে তিনি বলেন: ‘‘অর্থনৈতিকভাবে বাংলাদেশের মানুষ সচ্ছল কিংবা শক্তিশালী হোক খালেদা জিয়া এটি সহ্য করতে পারছেন না। এ জন্য শেখ হাসিনাকে হেয় করার জন্য অসত্য-দুর্নীতির অভিযোগ এনে বিশ্বব্যাংকের সঙ্গে ষড়যন্ত্র করেছিলো। এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন-খালেদা জিয়া, ড. ইউনূস, কথাকথিত কিছু বুদ্ধিজীবী-সুশীল সমাজ এবং এনজিওর প্রতিনিধিরা।”
“কিছুদিন আগে কানাডার আদালত রায় দিয়ে বলেছে পদ্মাসেতুতে দুর্নীতি করা হয় নাই। এটা আজগুবি ও অবান্তর অভিযোগ। বিশ্বব্যাংকের ষড়যন্ত্রের কারণে পদ্মাসেতু থেকে আমরা দুই বছর পিছিয়ে গেছি। সেই সঙ্গে এক বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। বিশ্বব্যাংকে এই ক্ষতিপূরণ দিতে হবে।”
বর্তমান সরকারের অধীনেই বিএনপিকে আগামী নির্বাচনে আসতে হবে উল্লেখ করে শেখ সেলিম বলেন: ‘‘আপনারা এখন বলছেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের কথা। কোথায়? সংবিধানে তো এ কথা লেখা নেই। সংবিধানে লেখা আছে, শেখ হাসিনার সরকারের অধীনেই নির্বাচন হবে। এবং বিএনপিকে নাকে খৎ দিয়ে সেই নির্বাচনে আসতে হবে। ’’
নির্বাচন কমিশন নিয়ে বিএনপির অভিযোগের জবাবে তিনি বলেন: ‘সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি চাইলেই নির্বাচন কমিশন গঠন করতে পারে। তিনি একটি শক্তিশালী নির্বাচন কমিশনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছেন। বিএনপি এটা নিয়ে ভ্রান্ত ধারণা ছড়াচ্ছে। রাষ্ট্রপতি যে বিএনপিকে ডেকে ছিলেন এটাই তাদের জন্য সৌভাগ্য। রাষ্ট্রপতি এমন একটি নির্বাচন কমিশন গঠন করেছেন, যা ভবিষ্যতে নির্বাচন উপহার দিতে পারবে। এটা আজিজ মার্কাও হয় নাই আবার সাদেক মার্কাও হয় নাই।’







