হুমায়ূন আহমেদের ৬৮তম জন্মবার্ষিকীতে তার পরিবারের সদস্যরা বলেছেন, তাকে নিয়ে আরো গবেষণা হওয়া প্রয়োজন।
রোববার জন্মদিন উপলক্ষে ভক্তদের জন্য নুহাশপল্লী উন্মুক্ত করে দেওয়া হয়। কবরে শ্রদ্ধা জানাতে এসে হুমায়ূন আহমেদের জন্য এমন আহ্বান জানান তার পরিবারের সদস্যরা।
নিষাদ আর নিনিত ৪ বছর আগে হারিয়েছে বাবাকে। নুহাশপল্লীর যে শিশির মাখা ঘাসে পা ডুবিয়ে হাঁটতেন হুমায়ূন আহমেদ সেই পথ ধরেই তার জন্মদিনে বাবার কবরে শ্রদ্ধা জানায় নিনিত আর নিষাদ। সঙ্গে মা মেহের আফরোজ শাওন।
মেহের আফরোজ শাওন বলেন, হুমায়ূন আহমেদ একজন জীবনবাদী মানুষ ছিলেন, সেজন্য তিনি অন্ততকাল বেঁচে থাকতে চাইতেন। মানুষের হৃদয়ে শুধু নয়, এই পৃথিবীর সৌন্দর্য দেখার জন্য তিনি বেঁচে থাকতে চাইতেন।
জন্মদিনে নুহাশপল্লীতে আসেন হুমায়ূন আহমেদের দুই ভাই ও তিন বোন। লাখো ভক্তের কারো কাছে তিনি হিমু আর কারো কাছে মিসির আলী হলেও ভাই বোনদের কাছে তিনি শুধুই একজন বড়ভাই।
কার্টুনিস্ট আহসান হাবীব বলেন, তার বই পড়তে হবে এবং নির্ভূলভাবে পড়তে হবে। এখন অনেকেই তার বই নানানভাবে বের করছে। কিন্তু একটু নির্ভূলভাবে বের হওয়া দরকার।
আরেকভাই লেখক জাফর ইকবাল বলেন, তাকে নিয়ে অনেক গবেষণা হওয়া দরকার। গবেষণা হবেও আসলে। একজন মানুষ এত জনপ্রিয় হতে পারে সেটা আমার আপন ভাই হলেও জানতাম না। সে যখন মারা গেছে তখন আমরা বুঝতে পেরেছি বাংলাদেশের মানুষ কত ভালোবাসে তাকে আসলে।
পরিবারের সদস্যদের পর হুমায়ূন আহমেদের কবরে শ্রদ্ধা জানাতে আসে তার ভক্ত-পাঠকরা।
https://www.youtube.com/watch?v=hGrccJKN1Ck







