বাংলাদেশের নদ-নদী, হাওর-বাওড়সহ প্রায় সব ধরনের জলাশয়ে বাস করে বিভিন্ন প্রজাতির মিঠাপানির কাছিম। জলজ প্রতিবেশের গুরুত্বপূর্ণ এই প্রাণীদের প্রায় সবগুলো প্রজাতিই বর্তমানে বিপন্ন অবস্থায় আছে।
উজান থেকে বয়ে আসা জলধারা বিভিন্ন নদ-নদীর অবিরাম প্রবাহে বাংলাদেশে গড়ে উঠেছে অসংখ্য মিঠাপানির জলাধার। এই জলাশায়গুলোর বিভিন্ন প্রাণীদের মধ্যে অন্যতম, বৈচিত্রময় গড়নের সরীসৃপ জাতীয় প্রাণী-কাছিম। এরা মিঠাপানির কাছিম নামেও পরিচিত।
বাংলাদেশের মিঠাপানির কাছিমগুলোর মধ্যে অন্যতম সুন্ধি কাছিম, বোস্তামী কাছিম, কালো কাছিম, পাতা কাছিম ও বড় কাইট্টা।
এই কাছিমগুলো জলজ প্রতিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরা পানির বিভিন্ন স্তরে অক্সিজেনের ভারসাম্য রক্ষা করে, জলজ উদ্ভিদের বীজের বিস্তারে সাহায্য করে। পাশাপাশি মরা-পঁচা খেয়ে দূষণও রোধ করে।
কিন্তু নদীর নাব্যতা হ্রাস, দূষণ, জলাশয় ভরাট ও অপরিকল্পিত নগরায়নের কারণে মিঠাপানির কাছিম আমাদের দেশ থেকে হারিয়ে যেতে বসেছে। মাংস ও ডিম খাওযার কারণেও এরা আজ মহাবিপদগ্রস্থ।
এভাবে চলতে থাকলে হয়তো মিঠাপানির কাচিম বিলুপ্ত হয়ে যাবে, যার প্রভাব পড়বে গোটা জলজ প্রতিবেশের উপর। তাই এদের টিকিয়ে রাখতে হলে কাছিম নিধন রোধ করার পাশাপাশি জলাশয়গুলো সংরক্ষণে নিতে হবে কার্যকরী পদক্ষেপ।






