হুট করেই আবারও মিলিত হলেন নর্থ কোরিয়ার কিম জং উন এবং সাউথ কোরিয়ার মুন জায়ে।তাৎক্ষনিক এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে দুই দেশের বেসামরিক সীমান্তবর্তী এলাকা নর্থ সাইডের পানমুনজুম গ্রামে।
বিবিসি জানিয়েছে, নর্থ কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত বৈঠক বাতিল নিয়েই আলোচনা করছে দুই কোরিয়া। তবে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
এদিকে মুনের অফিসের বিবৃতিতে জানানো হয়েছে, দুই কোরিয়ার আলোচনার বিস্তারিত জানা যাবে রোববার সকালে।
এর মধ্যে দিয়ে নর্থ এবং সাউথ কোরিয়ার দুই নেতা দ্বিতীয় বারের মতো সাক্ষাৎ করলো।
এর আগে গত বৃহস্পতিবার ট্রাম্প নর্থ কোরিয়ার বিরুদ্ধে বৈরী আচরণের অভিযোগ এনে বৈঠক বাতিলের ঘোষণা দেন।
ট্রাম্পের ঘোষণার পরেও নর্থ কোরিয়া জানায়, পিয়ংইয়াং যে কোনো আলোচনার জন্য প্রস্তুত। নর্থ কোরিয়ার বৈঠকে বসার সদিচ্ছাকে স্বাগত জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পও।
আগামী ১২ জুন সিঙ্গাপুরে ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের বৈঠকটি হওয়ার কথা ছিল। বাতিল ঘোষণার পরেও দু’পক্ষের ইচ্ছা প্রকাশের পর বৈঠকটি হয়েছে ধারণা করছেন অনেকে।







