মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে শারীরিকভাবে সুস্থ ও ফিট ঘোষণা করেছেন তার ব্যক্তিগত ডাক্তার।
সম্প্রতি নিউমোনিয়া আক্রান্ত হওয়া হিলারির স্বাস্থ্যগত অবস্থা তুলে ধরে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, একজন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে ‘সম্পূর্ণভাবে ফিট’ হিলারি ক্লিনটন। ক্রমেই তিনি নিউমোনিয়া কাটিয়ে সুস্থ হয়ে উঠছেন।
নির্বাচনী প্রচারণা সংগঠন থেকে জানানো হয়েছে, মানসিকভাবেও ভালো আছেন হিলারি। আজ বৃহস্পতিবার থেকেই প্রচারাভিযানে ফিরবেন তিনি।
হিলারির রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প টেলিভিশনে একটি স্বাস্থ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠানে নিজের স্বাস্থ্য সম্পর্কিত সব তথ্য প্রকাশ করার পর হিলারির স্বাস্থ্য সম্পর্কে বিবৃতিটি প্রকাশ করা হয়।
গত রোববার নিউইয়র্কে নাইন ইলেভেন উপলক্ষে এক স্মরণসভায় অংশ নিয়ে এক পর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন। সহযোগীদের সহায়তায় অনুষ্ঠানের মাঝেই দ্রুত সেখান থেকে চলে যান তিনি। পরে তার ব্যক্তিগত চিকিৎসক লিসা বারড্যাক জানান, হিলারি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন।







