মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় এবং শেষ বিতর্কেও জয় পেয়েছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন। বিতর্ক শেষে সিএনএন পরিচালিত জনমত জরিপে এমনই ফল এসেছে।
সিএনএন জানিয়েছে, জরিপে অংশ নেয়া ভোটারদের ৫২ শতাংশ মনে করেন, বিতর্কে হিলারি ক্লিনটন জয়ী হয়েছেন।
অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিতর্কে জিতেছেন বলে মত দিয়েছেন ৩৯ শতাংশ।
সব হিসেব শেষে মোট তিনটি প্রেসিডেন্সিয়াল বিতর্কেই হিলারি ক্লিনটনকে বিজয়ী ঘোষণা করে সিএনএন।
স্থানীয় সময় বুধবার রাতে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে) অনুষ্ঠিত হয় ৯০ মিনিটের ওই বির্তক।
পুরো তিনটি বিতর্কে বরাদ্দ বেশিরভাগ সময়ই ডোনাল্ড ট্রাম্প হিলারিকে আক্রমণের পেছনে ব্যয় করেছেন বলে জরিপে জানিয়েছেন বিতর্কের ৬০ শতাংশ দর্শক।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শেষ বিতর্কেও শুরু থেকে শেষ পর্যন্ত আগের দুই বিতর্কের মতোই কাদা ছোঁড়াছুঁড়িতে ব্যস্ত ছিলেন দুই প্রেসিডেন্ট প্রার্থী।
হিলারি ক্লিনটন ডোনাল্ড ট্রাম্পকে ‘রাশিয়ার পুতুল’ বলে অভিহিত করেন। অন্যদিকে পুতিন সিরিয়া ইস্যুতে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও হিলারিকে ঘোল খাইয়েছেন বলে দাবি করেন ট্রাম্প।
তবে ব্যক্তিগত আক্রমণ ছাড়াও ফক্স নিউজের ক্রিস ওয়ালেসের সঞ্চালনায় এবারের বিতর্কে গুরুত্বপূর্ণ সব ইস্যু উঠে আসে। নীতি নির্ধারণ, গর্ভপাত ও আগ্নেয়াস্ত্র ব্যবহার নিয়ন্ত্রণ বিষয়ে নিজ নিজ অবস্থান বেশ সুশীলভাবেই তুলে ধরেন দুই প্রতিদ্বন্দ্বী।
লাস ভেগাসের নেভাডা ইউনিভার্সিটিতে নব্বই মিনিটের বিতর্কে আরও উঠে আসে সন্ত্রাসবাদ, অভিবাসী ও সীমান্ত সমস্যা, রাশিয়ার সাইবার হামলা, নারী অধিকারসহ বিভিন্ন ইস্যু। এবারও বাদ পড়েনি সিরিয়া-ইরাকসহ মধ্যপ্রাচ্য প্রসঙ্গ।









