বাড়ি যাওয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ থেকে ছাড়পত্র পেয়েছে মাগুরায় গুলিবিদ্ধ শিশু সুরাইয়া। বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম হাসপাতালে সুরাইয়াকে দেখতে গিয়ে ডাক্তারদের সাথে কথা বলার পর তাকে ছাড়পত্র দেওয়া হয়।
গত ২৩ জুলাই মাগুরায় ছাত্রলীগ ও যুবলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ চলাকালে মা নাজমা বেগমের গায়ে গুলি লেগে মাতৃগর্ভেই আহত হয় শিশুটি। এরপর থেকে ডাক্তারদের নিরলস চিকিৎসার মধ্য দিয়ে ধীরে ধীরে সঙ্কট কাটিয়ে সুস্থতার দিকে এগিয়ে যায়।
জন্মের পর থেকে ২৫ দিন মায়ের কাছ থেকে আলাদা থাকার পর অবশেষে ১৬ আগস্ট সুরাইয়াকে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ) থেকে বের করে মায়ের কোলে তুলে দেওয়া হয়।
সুরাইয়ার অবস্থা এখন ভালো বলে জানিয়েছেন তার বাবা বাচ্চু ভূঁইয়া। কিছুক্ষণের মধ্যে সুরাইয়াকে নিয়ে হাসপাতাল ছেড়ে রওনা দেওয়া হবে বলে জানান তিনি। তবে সেখান থেকে সরাসরি মাগুরা ফিরে যাবেন, নাকি আরো কিছুদিন মেয়েকে নিয়ে ঢাকায়ই থাকবেন, এখনো সেই সিদ্ধান্ত নেননি সুরাইয়ার বাবা-মা।
আদরের ধন সুরাইয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সুরাইয়ার বাবা।






