‘আমি হাসপাতালে নিরাপত্তাহীনতায় ভুগছি। বিশেষ করে গতরাতে দুই ব্যক্তির হুমকির ঘটনার পর খুব ভয়ে আছি।’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বেডে শুয়ে কথাগুলো বলছিলেন রাজধানীর মোহাম্মদপুরে পুলিশি নির্যাতনের শিকার হওয়া বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বানী ওরফে রাব্বী।
হাসপাতালের কেবিনে শুয়ে যন্ত্রণা কাতর রাব্বী চ্যানেল আই অনলাইনকে বলেন, ওই দিনের নির্যাতনের ঘটনার পর পুলিশ বিভিন্ন সময় বিভিন্ন পরিচয়ে নানান তথ্য চেয়ে ফোন করে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। শারীরিক নির্যাতনের সাথে সাথে চরম মানসিক চাপে আছি। এর উপর আবার গত রাতে (বৃহস্পতিবার) অজ্ঞাত দুই ব্যক্তির হুমকি।
গত রাতের ওই হুমকির বর্ণনা দিতে গিয়ে রাব্বীর তদারকিতে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. বাসের আলী বলেন, রাত অানুমানিক সাড়ে বারোটার দিকে অপরিচিত দুইজন লোক এসেছিলেন রাব্বী ভাইকে দেখতে। তারা নিজেদের পরিচয় না দিয়ে নানা প্রশ্ন করতে থাকে। আমাদের প্রশ্নের মুখে তারা একটি মিডিয়া প্রোডাকশন হাউস থেকে এসেছে বলে পরিচয় দেয়। তাদের সাথে কিছু ভারি ব্যাগও ছিলো বলে জানান বাসের আলী।
বাসের আলী আরও জানান, তারা যাবার সময় রাব্বীকে বলে যান, আপনি তো মুসলমান, রাতে দু’রাকাত নফল নামাজ আদায় করেন এবং যা কিছু হয়েছে তা ভুলে যান। কিছুক্ষণ অবস্থানের পরে ওই দুজন বেরিয়ে যায় বলেও জানান বাসের আলী।
বাসের আলী যখন গতরাতের ওই ঘটনা বলছিলেন তখন রাব্বীর চোখে মুখে ছিলো আতঙ্ক। পুলিশি নির্যাতনের যন্ত্রণার পাশাপাশি হুমকির আতঙ্ক মিশে কথা বলতে কষ্ট হচ্ছিলো রাব্বীর। যন্ত্রণা আর আতঙ্ক মেশানো কন্ঠে রাব্বী জানালেন, প্রতিনিয়ত আত্নীয়-স্বজনরা ফোন করে বলছেন, ‘তোমার ঢাকায় চাকরি করার দরকার নাই, গ্রামে ফিরে এসে কৃষি কাজ করো।’
হাসপাতালে বেশ কয়েক দিন চিকিৎসাধীন থেকে রাব্বীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও বর্তমানে মানসিক অসুস্থতা চেপে বসেছে তাকে। সেই রাতের নির্মম পুলিশি নির্যাতনের সময় এসআই মাসুদ শিকদারের বলা, ‘মারের চোট আজ টের না পেলেও টের পাবি দুই দিন পর।’ মন্তব্য রাব্বীকে প্রতিনিয়ত তাড়া করে ফিরছে।
রাব্বী তার বর্তমান শারীরিক অবস্থা সর্ম্পকে বলেন, মোটেও ভাল বোধ করছি না। নির্যাতনে আঘাতপ্রাপ্ত স্থানগুলো এখনও প্রচণ্ড ব্যাথা। ডাক্তার বলেছে শারীরিক যন্ত্রণার সাথে মানসিক চাপ থেকে বাচাঁর জন্য প্রচুর ঘুমাতে হবে। কিন্ত আমি ঘুমাতে পারছি না। বেশিক্ষণ এমন থাকলে কান্না চলে আসে।
ঢাকা মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগের রেজিষ্টার ডা. রাশিদুল হক চ্যানেল আই অনলাইনকে বলেন, শারীরিক নির্যাতনের ফলে মানসিক চাপ থেকে সাধারণত এমনটা হয়ে থাকে। যে ঘটনা ঘটেছে তা বার বার তার মনের মধ্যে চলে আসছে। আমরা তার চিকিৎসা দিচ্ছি, আশা করছি ভালো হয়ে যাবেন।
বার বার পুলিশের এমন নির্যাতনের বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নির্যাতিত রাব্বীকে দেখতে আসেন আইন ও শালিশ কেন্দ্রের তথ্য ও তদন্ত সংরক্ষণের পরিচালক নূর খান লিটন। তিনি সাংবাদিকদের বলেন, রাব্বী তার সমস্ত পরিচয় পুলিশকে দেওয়ার পরও পুলিশ তার উপর নির্যাতন চালায়। বিষয়টি নিয়ে ভাববার সময় এসেছে।
লিটন আরো বলেন, এই ঘটনার পর রাব্বী যে বিপর্যয়ের মধ্যে আছে তার নিরাপত্তার বিষয়টি নিয়ে সরকারকে ভাবতে হবে।
বাসা ভাড়া দিতে গত শনিবার (৯ জানুয়ারি) রাত ১১ টার দিকে এটিএম বুথ থেকে টাকা তুলে বাসায় ফেরার পথে পুলিশের হাতে আটক হন রাব্বী, পুলিশের এসআই মাসুদ শিকদার প্রায় পাঁচ ঘণ্টা আটকে রেখে তাকে নির্যাতন করেছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার তদন্তে শুক্রবার বিকেলে তিন সদস্যের তদ্ন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে পুলিশ সদর দপ্তর।






