নেপিয়ারে তিন ম্যাচ সিরিজের প্রথম টি২০তে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।বাংলাদেশের দেওয়া ১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অধিনায়ক কেন উইলিয়ামসনের অনবদ্য ৭৩ রানের সুবাদে ১২ বল বাকি রেখেই জয় নিশ্চিত করে কিউইরা। টাইগারদের পক্ষে মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান ও রুবেল হোসেন একটি করে উইকেট নেন।
১৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল কিউইরা। ২.৩ ওভারেই আসে ২২ রান। তবে এই ওভারেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। রুবেলের বলে ক্যাচ দিয়ে ফেরেন ব্রুম। ৬ রান করা এই তারকাকেদুর্দান্ত ক্যাচে ফেরান সাকিব। বাউন্ডারি লাইন থেকে লাফিয়ে চমৎকার এক ক্যাচে কিউই ওপেনার ব্রুমকে ড্রেসিংরুমের পথ দেখান সাকিব।
এরপর চতুর্থ ওভারে মুস্তাফিজ এসেই আঘাত হানেন। কট বিহাইন্ড করেন নতুন নামা মুনরোকে। বিদায় নেন শূন্য রানেই। ধীরে ধীরে কিছু রান যোগ হওয়ার পর আঘাত হানেন সাকিব আল হাসান। ১৩ রানে ব্যাট করতে থাকা অ্যান্ডারসনকে ফেরান তিনি। ক্যাচ নেন তামিম ইকবাল।
এরপর জুটি গড়ার চেষ্টায় ছিলেন ব্রুস ও উইলিয়ামসন। যদিও ১১তম ওভারে দ্রুত রান নিতে গিয়ে রান আউট হয়ে বিদায় নেন ব্রুস (৭)।
পঞ্চম উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ৮১ রান যোগ করেন।কেন উইলিয়ামসন ৫৫ বলে পাঁচটি চার ও দুটি ছয়ে ৭৩ রান করেন।তবে কলিন গ্রান্ডহোম ছিলেন বেশি মারাত্মক। মাত্র ২২ বলে তিনটি করে চার ও ছয়ে ৪১ রান করেন তিনি।
এরআগে টস জিতে ব্যাট করতে নেমে কিউই বোলারদের মারাত্মক বোলিংয়ে মুখ থুবড়ে পড়ে টাইগারদের টপ ও মিডল অর্ডার।সাকিব তামিমরা ৯ ওভারে ৫৮ রানেই হারায় ৪ উইকেট। শেষ পর্যন্ত মাহমুদউল্লাহ রিয়াদের দৃঢ়তায় নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রান করে বাংলাদেশ।
দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিউইদের পক্ষে লোকি ফার্গুসেন তিনটি উইকেট দখল করেন। এছাড়া দুটি উইকেট নেন বেন হুইলার।









