যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ঘূর্ণিঝড় হার্ভে’র তাণ্ডবের পর সেখানে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। প্রবল বৃষ্টিপাতে বন্যার পানিতে ডুবে গেছে দেশটির চতুর্থ বৃহত্তম শহর হিউস্টন। বন্ধ রয়েছে সব ফ্লাইট চলাচল।
বিবিসি জানায়, মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় ঘূর্ণিঝড় ও তার ফলে সৃষ্ট বৃষ্টিপাত থেকে হওয়া এই প্রলয়ঙ্করী বন্যায় ব্যবহারের অনুপযুক্ত আড়াইশ’ রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। রাস্তাঘাট ডুবে যাওয়ায় কয়েক হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে নগর কর্তৃপক্ষ।
এখন পর্যন্ত হিউস্টন ও আশপাশের বন্যা কবলিত এলাকা থেকে দু’হাজারের মতো অধিবাসীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারী কর্তৃপক্ষ। কমপক্ষে ২০টি হেলিকপ্টার ব্যবহার করে বহু বাড়ির ছাদ থেকে এই উদ্ধারকাজ চালানো হয়।
বন্যার পানিতে ডুবে যাওয়া যানবাহনে আটকা পড়া অবস্থায় মানুষের মৃত্যুর আশঙ্কা করা হলেও এখনো বিষয়টি নিশ্চিত করা হয়নি। অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন হ্যারিস কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রধান ডেরিল কোলম্যান।
ঝড় ও বন্যার কারণে এখনো কারও মৃত্যুর খবর নিশ্চিত করা সম্ভব হয়নি বলে সাংবাদিকদের জানিয়েছেন টেক্সাস অঙ্গরাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট।
উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে ৩ হাজার সেনা, পুলিশ এবং দমকলকর্মী। স্থানীয় একটি কনভেনশন সেন্টারসহ অনেকগুলো স্থাপনায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
টেক্সাসের ১৯টি কাউন্টিকে দুর্যোগ এলাকা ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওইসব এলাকা পরিদর্শনের ঘোষণাও দিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তর (এনডব্লিউএস) পুরো পরিস্থিতিকে ‘নজিরবিহীন’ উল্লেখ করে জানিয়েছে, পুরো হিউস্টন মেট্রো এলাকায় জুড়ে আকস্মিক বন্যা বিষয়ক জরুরি অবস্থা চলছে। সেখানে চলাচল প্রায় অসম্ভব বলেও জানিয়েছে সংস্থাটি।








