গত শুক্রবার হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ান কিংবদন্তির আকস্মিক চলে যাওয়ায় বিস্মিত সবাই। লেগ স্পিন জাদুকরের মৃত্যুরহস্য নিয়ে শুরু হয়ে গিয়েছিল জল্পনা। সব রহস্যে যতি টানল থাইল্যান্ড পুলিশ।
থাইল্যান্ডে আসার আগে থেকেই হার্টের অসুখে আক্রান্ত ছিলেন ওয়ার্ন। রোববার প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন থাই বো হুট পুলিশ স্টেশন সুপার শ্রীসম্বাত।
‘আমরা তার পরিবারের থেকে জানতে পেরেছি, দেশে থাকা অবস্থায়ই তিনি বুকে ব্যথা অনুভব করতেন। তার হাঁপানি ছিল এবং এখানে একজন ডাক্তারের সাথেও দেখা করেছিলেন।’
সপ্তাহখানেক আগে তিন সফরসঙ্গীসহ থাইল্যান্ডের কো সামুই দ্বীপে বেড়াতে গিয়েছিলেন ওয়ার্ন। তিন মাসের জন্য সেখানে প্রাইভেট ভিলা ভাড়া করেছিলেন। তৃতীয় দিনেই আসে দুঃসংবাদ।
ওয়ার্নের দীর্ঘদিনের ম্যানেজার জেমস এরিকসনের ভাষ্যে, ‘তাদের সম্ভবত কারো সাথে দেখা করা বা পানাহারের পরিকল্পনা ছিল। ৫টার সময় তাদের বের হওয়ার কথা। কিন্তু ৫টা ১৫ তেও ওয়ার্নি বের না হওয়ায় সবাই চিন্তিত হয়ে পড়েন। কারণ তিনি সময় মেনে চলতেন সবসময়।’
‘নিও তার দরজায় কড়া নেড়ে কেনো উত্তর পায়নি। পরে তিনি ভেতরে গিয়ে বুঝতে পারেন ওয়ার্ন অজ্ঞান হয়ে পড়ে আছেন। নিও ওয়ার্নকে সিপিআর এবং মাউথ টু মাউথ দেয়ার চেষ্টা করেন। এরপর ২০ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স চলে আসে।’
অ্যাম্বুলেন্সে করে ওয়ার্নকে থাই ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে তাকে কো সামুই হাসপাতালে পাঠানো হয়। অস্ট্রেলিয়ার থাইল্যান্ড রাষ্ট্রদূত অ্যালান ম্যাককিনন ওয়ার্নকে অস্ট্রেলিয়ায় স্থানান্তরের চেষ্টা করলেও সেসময় পর্যন্ত বাঁচানো যায়নি কিংবদন্তিকে।








