লা লিগায় সেভিয়ার বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ সময়ে মেসি, সুয়ারেজের নাটকীয় দুই গোলে ড্র করেছে বার্সেলোনা।
সেভিয়া ৫০ মিনিটের ভেতর দুই গোল করে ফেলে। সুয়ারেজ ৮৮ মিনিটে এক গোল শোধ দেয়ার পর ৮৯ মিনিটে মেসি দলকে সমতায় ফেরান।
৩০ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে সবার উপরে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অ্যাটলেটিকো মাদ্রিদ। দিনের অন্য ম্যাচে লাস পালমাসকে ৩-০ গোলে হারানো রিয়াল মাদ্রিদ ৬৩ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে।
এদিন ৩৬তম মিনিটে এগিয়ে যায় সেভিয়া। ডি-বক্সে কোরেয়ার পাস ধরে বল জালে জড়ান ফ্রাঙ্কো ভাসকেস।
এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় মেসিরা। দ্বিতীয়ার্ধের ৫০তম মিনিটে ব্যবধান বাড়ায় সেভিয়া। এভার বানেগার বিদ্যুৎ গতির শট বার্সা গোলরক্ষকের মুখে লেগে ফিরলে পেয়ে যান লুইস মুরিয়েল। চোখের পলকে বল জালে পাঠান তিনি।
হার যখন দরজায়, তখন জ্বলে ওঠেন সুয়ারেজ। ৮৮তম মিনিটে কর্নার থেকে বল পেয়ে বাইসাইকেল কিকে বল জালে পাঠান তিনি। ঠিক পরের মিনিটে ডি-বক্সের একটু বাইরে থেকে জোরালো শটে দলকে সমতায় ফেরান মেসি।
সামনের এক ম্যাচ না হারলে লা লিগায় সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছুঁয়ে ফেলবে বার্সেলোনা। এর আগে ১৯৭৮-৭৯ ও ১৯৭৯-৮০ মৌসুমে টানা ৩৮ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল রিয়াল সোসিয়েদাদ।
এই সেভিয়ার বিপক্ষে ১৯৮০ সালে থেমেছিল সোসিয়েদাদের জয়রথ।








